আশ্বাসের পরেও সচিবালয়ে দুপুর পর্যন্ত সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি
অস্থায়ী পাশের মাধ্যমে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু, সকাল থেকে প্রবেশের জন্য সাংবাদিকরা সচিবালয়ের গেইটে অবস্থান করছেন। বেলা ১২টা ৫৫মিনিট পেরিয়ে গেলেও সচিবালয় সাংবাদিকদের প্রবেশের অনুমতি মেলেনি।
সচিবালয়ে ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ২৬ ডিসেম্বর রাতে সাংবাদিকদের সচিবালয় প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বাস দেন, সোমবার থেকে অস্থায়ী পাশ নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও সাংবাদিকদের একই তথ্য জানান। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেওয়া হয়। কিন্তু, সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না সাংবাদিকরা।
এ বিষয়ে সচিবালয়ের প্রধান গেইটে দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, প্রাথমিকভাবে গেইটে সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হলে পরবর্তীতে সেটি প্রত্যাহার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কাজ এখনো চলমান থাকায় কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের প্রবেশে এখনো অনুমতি দেননি। সচিবালয়ে এক নম্বর গেইটে গিয়ে দেখা গেছে, রোববারের মতো আজও উপদেষ্টা, সচিব এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছাড়া অন্য কোন গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এক ও দুই নম্বর গেইটের মধ্যবর্তী দর্শনার্থী কক্ষ এবং পাঁচ নম্বর গেইট দিয়ে হেঁটে প্রবেশ করছেন।
গত বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি তলা। এ চার তলায় পাঁচটি মন্ত্রণালয়ের অফিস ছিল। বুধবার দিনগত রাত ২টার কিছু আগে আগুন লাগে, ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিভতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিদের জন্য) সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো।
এরপর সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার থেকে পরবর্তী ১৫ দিন সাংবাদিকরা অস্থায়ী পাশ নিয়ে সচিবালয়ে প্রবেশ করবেন। এরপর আবেদনের ভিত্তিতে সাংবাদিকদের নতুন প্রবেশ পাস দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন
ঈদের ছুটির পর প্রথম শুক্রবার: বাজারে ক্রেতা কম, দাম অনেকটা স্থিতিশীল
প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত বিশ্ববাসীর জন্য কঠিন বাস্তবতা
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী
কমতে পারে ‘লাইফলাইন’ গ্রাহকদের বিদ্যুৎ বিল
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ
ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
হাজিদের ১৫০ লাগেজ কেটে চুরির অভিযোগ অসত্য : বিমান প্রতিমন্ত্রী
বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি