ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২৬ দুপুর ৩:১৫

নতুন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়া নাসিমুল গনি জানিয়েছেন, তার দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব পড়েছে। এ দায়িত্বের ভার বহনের চেষ্টা করবেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে দুপুর সোয়া ১টায় তিনি নতুন পদে যোগ দিতে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে আসেন।

এসময় প্রতিক্রিয়া জানতে চাইলে নাসিমুল গনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।’

নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব পেলেন।

সুষ্ঠু নির্বাচন করার কারণে কি আপনাকে উপহার হিসেবে এই পদ দেওয়া হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্তব্য নেই।’

এই সময়ে দায়িত্ব নেওয়াটাকে চ্যালেঞ্জ মনে করছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।’

নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে নাসিমুল গনি বলেন, ‘আমি এখনো যোগদান করতে পারিনি। সকালে (মঙ্গলবার) দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন। বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে উঠেপড়ে লেগেছি ক্যাবিনেট ডিভিশন। আমরা ইনশাআল্লাহ যখনই আরও বিস্তারিত আসে আপনাদের জানাবো।’

নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম আজ প্রকাশ করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নির্ভর করে যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন তার সিদ্ধান্তের ওপর। আমাদের সেই প্রস্তুতির জন্যই আসছি এখন। পরে আমরা যোগাযোগ স্থাপন করবো। তারপর যখন বলা হবে তখন নামগুলো সবাই জানতে পারবে ইনশাআল্লাহ।’

মন্ত্রিসভা কত সদস্যের হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সম্বন্ধে কোনো মন্তব্য নেই আমার এই মুহূর্তে। কারণ এটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রস্তুতি থাকে, পরে কম-বেশি হতে পারে। এটা স্ট্যান্ডার্ড যে প্রক্রিয়া সেটাই, নতুন কিছু না।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পর তাদের জন্য যে সহায়তা লাগে- একজন মন্ত্রীর আসার জন্য একটি গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সে ব্যবস্থা ও তার সুরক্ষার উদ্যোগ নিতে হয়। তার অফিসকে জানাতে এবং নিজস্ব যেসব কর্মকর্তা-কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এসব কিছু দেখতে হয়।

আপনার প্রস্তুত কি না- জানতে চাইলে নাসিমুল গনি বলেন, ‘সরকার সব সময় প্রস্তুত থাকে। সরকার ফেইল করে না।’

এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট এ পদে যোগ দেন। এরপর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তিনি একই বছরের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ওই ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় তার অবস্থান ছিল ষষ্ঠ। ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি জরুরি : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি

চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ

রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান