কীটনাশকের কাঁচামাল খালাসে কৃষি মন্ত্রণালয়ের পুরোনো নিয়মে ভোগান্তি
দেশে কীটনাশক উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যে দেশীয় উৎপাদনকারীদের কাঁচামাল আমদানি ও বন্দরে পণ্য খালাসের প্রক্রিয়া সহজ করতে নতুন প্রজ্ঞাপন (এসআরও) জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে প্রতিটি চালানের জন্য বারবার অনাপত্তিপত্র (এনওসি) নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ও এনবিআরের নতুন এসআরও জারির পরও তা কার্যকর করছে না কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে আগের নিয়মেই কাঁচামাল খালাস করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন দেশীয় কীটনাশক উৎপাদকেরা। তাদের অভিযোগ, এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি বাড়ছে হয়রানি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কীটনাশক উৎপাদনের কাঁচামাল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রতিটি চালানের জন্য কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র নিতে হয়। এ জন্য প্রথমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়িতে আবেদন করতে হয়। এরপর আবেদনটি কৃষি মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আবার অধিদপ্তরে আসে। পরে তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানা সরেজমিন পরিদর্শন করা হয়। তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দেওয়া হয় অনাপত্তিপত্র। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগায় বন্দরে পণ্য খালাসেও বিলম্ব হয়।
বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, একটি প্রতিষ্ঠান কীটনাশক উৎপাদনের লাইসেন্স পাওয়ার আগেই কৃষি মন্ত্রণালয় ও অধিদপ্তর তার কারখানা, উৎপাদন সক্ষমতা এবং প্রয়োজনীয় শর্ত যাচাই করে। সব শর্ত পূরণ করলেই উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়। তাহলে কাঁচামালের প্রতিটি চালান বন্দরে পৌঁছানোর পর আবার কেন কারখানা পরিদর্শন করে প্রতিষ্ঠানটি উৎপাদনকারী কি না, তা নিশ্চিত করতে হবে?
তিনি বলেন, কারখানা পরিদর্শন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সরকারি কর্মকর্তারা চাইলে বছরের ৩৬৫ দিনই কারখানা পরিদর্শন করতে পারেন। কিন্তু প্রতিবার কাঁচামাল আমদানির পর পণ্য খালাসের জন্য নতুন করে অনাপত্তিপত্র নিতে হবে এবং তদন্ত কমিটিকে কারখানা পরিদর্শন করতে হবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছি। বিষয়টি বর্তমান অর্থমন্ত্রীর নজরে আনার পর তিনি প্রতিবার অনাপত্তিপত্র নেওয়ার বিধান তুলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশনা এখনো বাস্তবায়িত হয়নি।
জানা গেছে, আগে কৃষি মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে এসআরও নম্বর ১৯৯-আইন/২০২৫/২১/কাস্টমস অনুসরণ করা হতো। পরে ওই এসআরও সংশোধন করে নতুন করে এসআরও নম্বর ১৫৬-আইন/২০২৬/কাস্টমস জারি করে এনবিআর। নতুন এসআরও অনুযায়ী, কাঁচামাল আমদানির প্রতিটি চালানের জন্য আলাদা করে অনাপত্তিপত্র নেওয়ার প্রয়োজন নেই। উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া একটি প্রত্যয়নপত্র দেখিয়েই পরবর্তী সময়ে একাধিক চালানের পণ্য খালাস করা যাবে। অর্থাৎ, প্রতিবার আমদানির ক্ষেত্রে নতুন করে আবেদন, তদন্ত ও অনাপত্তিপত্র নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।
তবে নতুন এসআরও জারির পরও কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগের নিয়মেই কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। তাদের দাবি, এনবিআরের নতুন প্রজ্ঞাপনের সুবিধা তারা পাচ্ছেন না। ফলে অনাপত্তিপত্র সংগ্রহের পুরোনো প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে আগের মতোই সময় ও অর্থ ব্যয় হচ্ছে।
বামা সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সমাধানের জন্য আমরা কৃষি মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করেছি। কিন্তু মন্ত্রণালয় এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বরং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। দফায় দফায় আবেদন করেও কোনো সুরাহা হয়নি। ফলে এনবিআরের নতুন এসআরওর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশীয় উৎপাদকেরা।
তিনি আরও বলেন, আগের নিয়মে প্রতিবার কাঁচামাল খালাসের জন্য আবেদন ও পরিদর্শনের প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে আমাদের সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। এতে ব্যবসায়িক ব্যয় বাড়ছে এবং হয়রানির শিকার হতে হচ্ছে। অথচ দেশেই কীটনাশক উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমানো সম্ভব। সরকারও চায় দেশীয় শিল্পের বিকাশ হোক। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের এমন আচরণে উৎপাদকেরা নিরুৎসাহিত হচ্ছেন।
দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাড়তি নিয়ম ও হয়রানি থাকলেও সরাসরি কীটনাশক আমদানিকারকদের ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হয় না বলে অভিযোগ করেন তিনি। তার মতে, আমদানিনির্ভরতা কমাতে হলে দেশীয় উৎপাদকদের আরও সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন। অথচ উল্টো তাদের কার্যক্রমে বাধা তৈরি করা হচ্ছে। বিষয়টি এনবিআর ও অর্থ মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। অর্থমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. এনায়েত-ই রাব্বি জানান, আমরা সাধারণত কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করি। নতুন এসআরও অনুসরণ করে ছাড়পত্র দেওয়ার বিষয়ে এখনো মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পাইনি। এ কারণে আগের এসআরও অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই নতুন এসআরও অনুসরণ করা হবে।
aliul / aliul
রেলের তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন
কীটনাশকের কাঁচামাল খালাসে কৃষি মন্ত্রণালয়ের পুরোনো নিয়মে ভোগান্তি
ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ : আইনমন্ত্রী
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
মাদক ও হতাশা থেকে তরুণদের ফেরাতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই
খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ারের সাক্ষাৎ
জাপানগামী বিমানের ফ্লাইটে তাজা ফল ও মাংস বহন নিষিদ্ধ
দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম