ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসন-জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২৬ বিকাল ৭:৪৪

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অভিবাসন ও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এই সংকট চলতে থাকলে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগও ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা।

aliul / aliul

রোহিঙ্গা প্রত্যাবাসন-জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৫ জনের সাক্ষ্য

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ-নাগরিকদের ৫০ শতাংশ

'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ'

ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার

ঢাকায় ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৮ মামলা, রেকার ৩৭৬ গাড়ি

জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণে আনসার-ভিডিপির বাছাই সম্পন্ন

অনাবকে পেশাদার সাংবাদিক সম্পৃক্ত করার তাগিদ প্রতিমন্ত্রীর

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে