তরুণদের কণ্ঠে নারী-পুরুষ সমতার আহ্বান
নারীর অধিকার, ন্যায়বিচার ও সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ।
জাতিসংঘ বাংলাদেশ এবং লোকাল কনসালটেটিভ গ্রুপ অন উইমেনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটির সহযোগিতায় মঙ্গলবার (১০ মার্চ) ব্রিটিশ কাউন্সিলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল, ‘অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ: সকল নারী ও কন্যাশিশুর জন্য।
’ এই ভাবনাকে সামনে রেখে তরুণদের কণ্ঠ, অভিজ্ঞতা ও ভাবনাকে গুরুত্ব দেওয়াই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব রয়েছে। পরিবার, রাস্তা কিংবা পাড়া- সমাজের প্রতিটি স্তরে দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতিগত মানসিকতার পরিবর্তন জরুরি।
পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জাতিসংঘ নারী সংস্থার উপপ্রতিনিধি নবনীতা সিনহা বলেন, টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন নারী-পুরুষ সমতা নিশ্চিত হবে। তিনি নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পুরুষদেরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তার ভাষায়, এই সংগ্রামে পুরুষরাও সমান অংশীদার- তাদেরই হতে হবে সহযোগী ও পরিবর্তনের অগ্রদূত।
অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাৎক্ষণিক বক্তৃতা পর্ব। এতে তারা সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক বৈষম্য, সামাজিক ধ্যানধারণা এবং ন্যায়বিচারে প্রবেশাধিকারের বিভিন্ন বাধা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন।
ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দলের ভারপ্রাপ্ত প্রধান বাইবা জারিনা বলেন, তরুণদের বক্তব্য আমাদের মনে করিয়ে দেয়- নীতিনির্ধারণ তখনই কার্যকর হয়, যখন তা প্রভাবিত মানুষের কণ্ঠকে গুরুত্ব দেয়।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, বিশ্বের কোথাওই এখনো পূর্ণাঙ্গ লিঙ্গসমতা অর্জিত হয়নি। তাই এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক সাবিহা ইয়াসমিন রোজি ও তানিয়া হক, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. তাইয়াবুর রহমান এবং ব্রিটিশ কাউন্সিলের পরিচালক স্টিফেন ফোর্বস।
আয়োজনের অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা বিষয়ক কার্টুন ও ভিজ্যুয়াল আর্টের একটি প্রদর্শনীও উদ্বোধন করা হয়। এতে শিল্পের মাধ্যমে নারী অধিকার ও সমতার বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা দর্শকদের নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করে।
তরুণদের কণ্ঠ, নীতিনির্ধারকদের বার্তা এবং শিল্পের ভাষা- সব মিলিয়ে আয়োজনে একটি স্পষ্ট বার্তা উঠে আসে: সমতার সমাজ গড়ে তুলতে কথার পাশাপাশি প্রয়োজন সচেতন উদ্যোগ ও সম্মিলিত পদক্ষেপ।
এমএসএম / এমএসএম
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে
পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন
পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি