প্রথমবার স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসছে ত্রয়োদশ সংসদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। ১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র চালুর পর এবারই প্রথম স্পিকারের চেয়ার শূন্য রেখে বসতে যাচ্ছে নতুন সংসদ। ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারিত হবে এই অধিবেশনেই।
জানা গেছে, প্রথম দিনেই আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন। আজ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে এই অধিবেশন। তবে প্রথম দিনের বৈঠকে কে সভাপতিত্ব করবেন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন-তা এখনও স্পষ্ট নয়।
এর আগে গতকাল বুধবার (১১ মার্চ) সরকার ও বিরোধীদলীয় এমপিদের আলাদা সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের সভায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, সংসদ নেতা তারেক রহমান ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ক্ষেত্রে দলের অবস্থান অনুযায়ী নোট অব ডিসেন্ট (আপত্তি) দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, জামায়াত ও এনসিপিসহ বিরোধী দলগুলোর দাবি-গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু বাস্তবায়ন করতে হবে। মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো এবং সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতিসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া নিয়েই সরকার ও বিরোধীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এদিকে, জুলাই সনদের সমঝোতা অনুযায়ী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদটি প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব করেছে বিএনপি।
তবে খণ্ডিত কোনো সুবিধা নিতে নারাজ বিরোধী দল।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান এ বিষয়ে বলেন, ‘জুলাই সনদেই আছে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ; পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক। এর ভিত্তিতেই আমরা আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে চাই।’
যেভাবে শুরু হবে অধিবেশন:
বিদ্যমান সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার কিংবা ডেপুটি স্পিকারের নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করার কথা।
কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ফলে স্পিকারের চেয়ারটি শূন্যই রয়েছে।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, এক এগারোর সেনা সমর্থিত সরকারের পরও তৎকালীন স্পিকার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বেই নবম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। এবার অবশ্য স্পিকার না থাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন নতুন এমপিদের শপথ পড়িয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আজ অধিবেশনের শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা তারেক রহমান স্বাগত বক্তব্য দেবেন। ওই বক্তব্যের মাধ্যমে তিনি বিধি মোতাবেক কোনো একজন সংসদ সদস্যকে প্রারম্ভিক সভাপতিত্ব করার আহ্বান জানাবেন। তাঁর সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং ৬ আগস্ট দ্বাদশ সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে আজ এই সংসদের প্রথম বৈঠক ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
Aminur / Aminur
প্রথমবার স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসছে ত্রয়োদশ সংসদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
আজ জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ : সালাহউদ্দিন আহমদ
কড়া নিরাপত্তায় আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন্ত্রী
বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ
ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
১২ দিনে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল
তরুণদের কণ্ঠে নারী-পুরুষ সমতার আহ্বান
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী
ঈদে সংবাদপত্রে ৫ দিন ছুটি