ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কল্পনাও করিনি আমার ছেলে এভাবে মারা যাবে : লিমনের বাবা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৩:৪৩

ছেলেকে অনেক যত্ন করে বড় করেছেন, কখনোই তাকে কষ্ট দেননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের বাবা জহুরুল হক। ছেলের মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পরে তিনি বলেন, আমি কখনো কল্পনাও করিনি, আমার ছেলে এভাবে মারা যাবে।

সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার মরদেহ গ্রহণ করেন এবং বিমানবন্দরে উপস্থিত নিহত লিমনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।

এসময় লিমনের বাবা জহুরুল হক বলেন, আমার ছেলে দুইটাকে তিলে তিলে বড় করার চেষ্টা করেছি, কোনো প্রকার কষ্ট দেইনি, কোনো প্রকার আঘাত করিনি। কোনোদিন শারীরিক শাস্তি দিইনি ওদের। যা শাসন করেছি, আমি মুখে শাসন করেছি। আমি কখনো কল্পনাও করিনি, আমার ছেলে এভাবে মারা যাবে।

তিনি বলেন, সে কী কষ্টের মধ্য দিয়ে গেছে, তা উপরওয়ালাই জানেন।

লিমনের এক আত্মীয় জানিয়েছেন, মরদেহ জামালপুরের মাদারগঞ্জে তার পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেখানে মাগরিবের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, সে তার রুমমেটের সঙ্গে কোনো ঝগড়া বা সমস্যার কথা কখনো পরিবারের সঙ্গে শেয়ার করেনি। সবকিছু স্বাভাবিক বলেই মনে হতো। আমরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র— দুই দেশের সরকারের কাছেই এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। তার সঙ্গে একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)। তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন।

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, লিমনের মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় হিশামের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় ইসলামি সোসাইটিতে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির লোকজন অংশ নেন।

লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর, গত ২৬ এপ্রিল ম্যানগ্রোভ এলাকায় কয়েকজন মাছশিকারি কায়াক চালানোর সময় একটি কালো রঙের পলিথিন দেখতে পান। হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছাকাছি ওই এলাকায় পুলিশ গিয়ে পলিথিনের ভেতর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। তবে সেগুলোর অবস্থা এমন ছিল যে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ৩০ এপ্রিল সংবাদ সম্মেলনে হিসলবরো কাউন্টি শেরিফ নিশ্চিত করেন, উদ্ধার হওয়া খণ্ডিত অংশগুলো বৃষ্টির।

এমএসএম / এমএসএম

টানা পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই দেশের ৩৫ গ্রামে

‘জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস’

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

BIWTA Walkway Run 2026-এ অংশ নিয়ে নদীকেন্দ্রিক নগরায়ণ ও বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত

ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক

আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

রেলের তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন

কীটনাশকের কাঁচামাল খালাসে কৃষি মন্ত্রণালয়ের পুরোনো নিয়মে ভোগান্তি

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ : আইনমন্ত্রী

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

মাদক ও হতাশা থেকে তরুণদের ফেরাতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই

খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর