ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

স্প্রে সানস্ক্রিনের সুবিধা


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪-৬-২০২৬ দুপুর ১১:২৪

রোদে বের হওয়ার আগে ত্বককে অতিবেগনি রশ্মি থেকে সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার এখন প্রায় বাধ্যতামূলক অভ্যাসে পরিণত হয়েছে। ক্রিম, জেল বা পাউডার, বিভিন্ন ধরনের সানস্ক্রিনের পর এখন বাজারে জনপ্রিয় হয়ে উঠছে স্প্রে সানস্ক্রিন।
সহজ ব্যবহার ও দ্রুত প্রয়োগের সুবিধার কারণে এটি অনেকের কাছেই আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে।
ত্বকের বিশেষজ্ঞদের মতে, বাইরে বের হওয়ার অন্তত ২০–৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
দীর্ঘ সময় রোদে থাকলে প্রতি ২–৩ ঘণ্টা পর পুনরায় সানস্ক্রিন লাগানো প্রয়োজন। এই পুনঃপ্রয়োগের কাজটি সহজ করতেই স্প্রে সানস্ক্রিন জনপ্রিয়তা পাচ্ছে।
স্প্রে বোতলে থাকা এই সানস্ক্রিন সুগন্ধির মতো শরীরের খোলা অংশে ছড়িয়ে দেওয়া যায়, ফলে দ্রুত ও ঝামেলাহীনভাবে ব্যবহার করা সম্ভব হয়।
স্প্রে সানস্ক্রিনের সবচেয়ে বড় সুবিধা হলো এর সহজ ব্যবহার।
হাত না লাগিয়েই শরীরের বিভিন্ন অংশে প্রয়োগ করা যায়, এমনকি যেসব জায়গায় হাত পৌঁছায় না সেখানেও সহজে ব্যবহার করা সম্ভব।
অনেকেই অভিযোগ করেন, ক্রিম বা জেল সানস্ক্রিন ত্বককে তৈলাক্ত বা ভারী করে তোলে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এটি ব্রণ বা অস্বস্তির কারণ হতে পারে। সেই তুলনায় স্প্রে সানস্ক্রিনকে দ্রুত এবং হালকা বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
স্প্রে সানস্ক্রিন পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কিছু পণ্যে অ্যালকোহল ও দাহ্য উপাদান থাকতে পারে, যা ত্বকে জ্বালা বা অস্বস্তি তৈরি করতে পারে।
সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে এটি বেশি শুষ্কতা সৃষ্টি করতে পারে। কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ব্যবহারে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যাওয়ার আশঙ্কাও থাকে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে প্রয়োগ না হলে স্প্রে সানস্ক্রিন পুরো ত্বকে সমানভাবে না-ও লাগতে পারে, ফলে সুরক্ষার ঘাটতি থেকে যেতে পারে।
স্প্রে সানস্ক্রিন ব্যবহার সহজ ও দ্রুত হলেও এটি ব্যবহারের আগে ত্বকের ধরন ও প্রয়োজন বিবেচনা করা জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ, যেকোনো ধরনের সানস্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে এবং প্রয়োজন অনুযায়ী পুনঃপ্রয়োগ করলেই ত্বককে কার্যকরভাবে সুরক্ষিত রাখা সম্ভব।

 

Aminur / Aminur