এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারকে এই কার্ড দেওয়া হবে এবং আগামী পাঁচ বছরে দেশের সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে ‘ফ্যামিলি কার্ড’-এর উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর আমরা যে বাজেট পেয়েছিলাম, সেটি ছিল আগের সরকারের বাজেট। সেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। তবে কয়েকদিন আগে জাতীয় সংসদে যে নতুন বাজেট উপস্থাপন করেছি, সেখানে এ কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, আমরা প্রথমে গ্রামের খেটে খাওয়া, অসহায় ও দুস্থ পরিবারগুলোর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আগামী এক বছরে ৪১ লাখ পরিবার এই সুবিধা পাবে। এরপর ধাপে ধাপে আগামী পাঁচ বছরে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ। সে হিসেবে প্রতিটি উপজেলায় গড়ে প্রায় সাত হাজার পরিবার এই কর্মসূচির আওতায় আসবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই পুরুষের পাশাপাশি নারীরাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। বিএনপি বিশ্বাস করে, নারীদের শুধু শিক্ষিত করলেই হবে না, অর্থনৈতিকভাবেও সক্ষম করে তুলতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করেছিল। এবার আমরা নারীদের জন্য অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা নিয়েছি। শুধু তাই নয়, যারা ভালো ফলাফল করবে তাদের জন্য বৃত্তিরও ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
’প্রধানমন্ত্রী আরও বলেন, আপনাদের সহযোগিতা ও সমর্থন বিএনপি সরকারের প্রয়োজন। জনগণ পাশে থাকলে ধীরে ধীরে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, সামনে এগিয়ে নিতে চাই। সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে বিএনপি কোনো বাধা মানবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে এবং সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে শ্রেণি-পেশা নির্বিশেষে, ধর্ম-মত নির্বিশেষে সকল মানুষের কাছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, দেশকে পুনর্গঠন করার সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। ইনশাল্লাহ আবারও আসব আপনাদের এলাকায়। আবারও আপনাদের সঙ্গে কথা হবে।
রাষ্ট্রক্ষমতা গ্রহণের চার মাস পর প্রধানমন্ত্রী হিসেবে এদিনই প্রথমবারের মতো বরিশাল সফরে আসেন তারেক রহমান। সফরকে ঘিরে বরিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সফরের শুরুতে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরে বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি জিআই স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন। পাশাপাশি খালপাড়জুড়ে শতাধিক ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণ করা হবে।
বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এমএসএম / এমএসএম
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
ঢাকার ৪১৬ বছরপূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দুর্নীতি দমনে শুধু তদন্ত ও বিচারিক কার্যক্রমই যথেষ্ট নয়, প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহন
মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত
ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্কুলে ছুটি ঘোষণা, পরীক্ষা স্থগিত
টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা
ভারী বৃষ্টিতে রাস্তায় পানি, রিকশা ভাড়া দ্বিগুণ
আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান