ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
যুক্তরাষ্ট্র ফের আক্রমণ চালালে ইরানের নতুন সামরিক সক্ষমতা দেখে বিশ্ব ‘অবাক’ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি ওই হুঁশিয়ারি দিয়েছেন বলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মোহেব্বি বলেছেন, নতুন কোনও মার্কিন হামলা হলে ইরানের প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণ কৌশলে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ আনা হবে।
স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “কৌশলগত পরিবর্তনের মধ্যে থাকবে যুদ্ধের ভৌগোলিক পরিধি বৃদ্ধি এবং নতুন ধাঁচের অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যবহার।”
তিনি বলেন, “আমরা নতুন সক্ষমতার আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধক্ষেত্রে নামব; যা দেখে বিশ্ব চমকে যাবে।”
ইরানের সামরিক লক্ষ্যবস্তু আগের মতো এক জায়গায় সীমাবদ্ধ থাকবে না জানিয়ে তিনি বলেন, আমাদের পরবর্তী লক্ষ্যবস্তু আগের আক্রমণ করা স্থানগুলোর মতো হবে না। আমরা নতুন কিছু স্থান চিহ্নিত করেছি, যেখানে এখনও হামলা চালানো হয়নি।
• যুক্তরাষ্ট্রের ‘পরাজয়’ দাবি আইআরজিসির
আইআরজিসির এই কর্মকর্তা বলেন, যুদ্ধে ‘ঐতিহাসিক ও অপমানজনক’ পরাজয়ের সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে গেছে এবং তা অত্যন্ত অপমানজনক এক ঐতিহাসিক পরাজয়। কিন্তু এই পরাজয় মেনে নেওয়ার মতো সাহস ওয়াশিংটনের নেই।”
মার্কিন পরাজয়ের প্রমাণ হিসেবে তিনি কৌশলগত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ অবরুদ্ধ থাকার বিষয়টি তুলে ধরেন। মার্কিন-ইসরায়েল যৌথ অভিযানের জবাবে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়েছিল।
আইআরজিসির মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র তাদের সব ধরনের শক্তি প্রয়োগ করেও এই জলপথ পুনরায় চালু করতে ‘ব্যর্থ হয়েছে’।
মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে জানিয়ে তিনি বলেন, যে বিনিয়োগ করা হয়েছিল নিরাপত্তার উদ্দেশ্যে, ইরানি হামলার পর তা উল্টো ‘চরম নিরাপত্তাহীনতার’ কারণ হয়ে উঠেছে।
মোহেব্বি বলেন, পারস্য উপসাগরীয় এলাকা ও উত্তর ইরাকে অবস্থিত মার্কিন গোয়েন্দা ঘাঁটিগুলোতে সফলভাবে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এসব হামলা প্রমাণ করে, ঘাঁটিগুলো এখন ইরানের হাতের নাগালে রয়েছে এবং এটি ওয়াশিংটনের জন্য ‘বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা।’
• ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরুর চেষ্টা কাতারের
আল জাজিরা বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে আলোচনা পুনরায় শুরু করতে মধ্যস্থতা করছে কাতার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেছেন, আলোচনা ফিরিয়ে আনতে মধ্যস্থতাকারীরা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করে চলছেন।
উভয় পক্ষের মতপার্থক্য কমিয়ে সমঝোতায় পৌঁছাতে বেশ কয়েকটি প্রস্তাব আদান-প্রদান করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র: আল জাজিরা।
aliul / aliul
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার
সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া