ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৬ বিকাল ৬:৪৪

স্পেনের সংখ্যালঘু সরকারের প্রস্তাবিত আবাসন সংকট নিরসন বিল সংসদে বাতিল হয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে ওই ঘোষণা দিয়েছেন তিনি।

গত শুক্রবার সংসদের ভোটাভুটিতে ওই পরাজয় ইউরোপে ক্ষমতাসীন স্বল্পসংখ্যক বামপন্থী প্রধানমন্ত্রীর মধ্যে অন্যতম এই সমাজতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা তৈরি করেছে।

২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ টেলিভিশন ভাষণে বলেন, আমাদের সংস্কারমূলক কাজ এগিয়ে নিতে জনগণের রায় নবায়ন ও সমর্থনে পরিধি বাড়ানো জরুরি। তিনি বলেন, সংসদে তুলনামূলক শক্তিশালী ও প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাই তার মূল লক্ষ্য।

সস্তা ও সাশ্রয়ী আবাসনের নিশ্চিতের দাবিতে গত শনিবার রাজধানী মাদ্রিদসহ দেশটির প্রধান প্রধান বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করেন। সানচেজ সরকারের পেশ করা প্রস্তাবনায় ভাড়া চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধা এবং অসহায় বা সুবিধাবঞ্চিত ভাড়াটিয়াদের বিনা নোটিশে উচ্ছেদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের কথা বলা হয়। তবে দেশটির সংসদের বিরোধী দলগুলোর ভোটে পার্লামেন্টে বিলটি বাতিল হয়ে যায়।

সংসদের এই রায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন ক্রমবর্ধমান আবাসন ভাড়ার বিরুদ্ধে আন্দোলনরত দেশটির সাধারণ মানুষ। একই সঙ্গে এই ঘটনা সানচেজের সংখ্যালঘু জোট সরকারের জন্য যেকোনো আইন পাসের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতাকে স্পষ্ট করে তুলেছে।

সানচেজ সরকারের অনুমোদিত সর্বশেষ অর্থ পরিকল্পনা অনুযায়ী, স্পেন গত কয়েক বছর ধরে ২০২৩ সালের বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে।

গত মাসে মাদ্রিদে কয়েক দশক ধরে বসবাস করে আসা ৮৭ বছর বয়সী বৃদ্ধা মারিকারমেন আবাজকালকে নিজ ফ্ল্যাট থেকে উচ্ছেদ করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া টানা এক সপ্তাহের রাজনৈতিক ও সামাজিক সংকট এই বিক্ষোভের মধ্য দিয়ে নতুন মাত্রা পায়।

জরুরি আবাসন সংস্কারের দাবিতে হাজারো আন্দোলনকারী এক সপ্তাহেরও বেশি সময় ধরে মাদ্রিদের কেন্দ্রস্থলে তাঁবু টাঙিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এদিকে, স্পেনের সাম্প্রতিক বেশ কিছু জনমত জরিপে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পপুলার পার্টিকে (পিপি) ক্ষমতাসীন সোশালিস্টদের চেয়ে জনপ্রিয়তায় কিছুটা এগিয়ে থাকতে দেখা গেছে।

• বেসামাল বাজার ও হু হু করে বাড়ছে দাম
চাহিদার তুলনায় পর্যাপ্ত জোগানের ঘাটতি এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের মতো বাড়িভাড়া ও ফ্ল্যাটের দাম ক্রমাগত বাড়তে থাকায় আবাসন সমস্যা বহু বছর ধরে স্পেনের নাগরিকদের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

রিয়েল এস্টেট পোর্টাল আইডিয়ালিস্টা বলেছে, গত এক দশকে স্পেনে গড় বাড়িভাড়া বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে এবং বাড়ি কেনার ক্ষেত্রে চাওয়া দাম বেড়েছে প্রায় ৯০ শতাংশ।

দেশটির ৮৭ বছর বয়সী প্রবীণ পেনশনভোগী আবাজকালকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনাটি লাগামহীন আবাসন খরচের বিরুদ্ধে বছরের পর বছর ধরে জমতে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় আবাসন অধিকারকর্মীরা বলেছেন, ওই প্রবীণ নারী গত সাত দশকেরও বেশি সময় ধরে মাদ্রিদের যে ফ্ল্যাটে বাস করছিলেন, একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সেই ভবনটি কিনে নেওয়ার পর তার ভাড়া রাতারাতি ২৭৫ শতাংশ বাড়িয়ে দেয়। নতুন দর পরিশোধে অপারগ হওয়ায় তাকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল।

পরবর্তীতে দেশজুড়ে তীব্র জনরোষের মুখে নতুন মালিকপক্ষ নতি স্বীকার করতে বাধ্য হয় এবং তুলনামূলক কম ভাড়ায় আবাজকালকে পুনরায় সেই ফ্ল্যাটে থাকার অনুমতি দিয়ে একটি সমঝোতা চুক্তি করে।

সানচেজের বামপন্থী জোট সরকারের আবাসন আইন বাস্তবায়নের প্রস্তাব সংসদে আটকে যায় কাতালান বিচ্ছিন্নতাবাদী দল জুনটসের বিরোধিতায়। যদিও এই দলটি সানচেজ সরকারকে টিকিয়ে রাখতে বাইরে থেকে সমর্থন দিয়ে আসছিল। তবুও এবার তারা বিলের বিরুদ্ধে ভোট দেয়। জুনটস বলেছে, বিলটি তাড়াহুড়ো করে খসড়া করা হয়েছে; যা কার্যকর হলে আবাসন সংকট কমার বদলে আরও প্রকট রূপ নেবে।

সূত্র: রয়টার্স।

aliul / aliul

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত