ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

তাহসিফের মৃত্যু: দীপকে নৌ পুলিশের কাছে দিল পিবিআই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ১১:১১

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরীর মৃত্যুর ঘটনায় তার সঙ্গে নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানো ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন তথ্য যাচাইয়ের পর তাকে হস্তান্তর করা হয়।

এ সময় দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই।
 
শুক্রবার (৩০ অক্টোবর) তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত দল। সেখানে বিভিন্ন তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার মধ্যরাতে পিবিআইয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায় পিবিআইয়ের তদন্ত দল। সেখানে তুরাগ নদসংলগ্ন ২৯ নম্বর সীমানা পিলারের পাশের মাঠে কী ঘটেছিল, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির নম্বরপ্লেট ছিল না। সেটি তাহসিফের কি না, তা নিশ্চিত হতে কাগজপত্রসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছিল।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাদের ধাওয়া করেন। দীপের ভাষ্য অনুযায়ী, ধাওয়াকারীদের দুজনের পরনে পুলিশের ইউনিফর্ম ছিল। তাদের দেখে তাহসিফ দৌড় দেন। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেন দীপ। আর দীপ নিজে বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পরে সেখান থেকে চলে যান।

তবে ধাওয়াকারীরা প্রকৃতপক্ষে পুলিশ সদস্য ছিলেন কি না, তা নিশ্চিত হতে পারেনি পিবিআই। পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান শুক্রবার সাংবাদিকদের বলেন, দীপের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সেখানে আদৌ পুলিশের কেউ ছিলেন কি না, ইউনিফর্ম পরা কেউ ছিলেন কি না, কিংবা তাদের সেখানে কোনো দায়িত্ব ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পিবিআই কর্মকর্তারা জানান, দীপের বক্তব্যে একাধিক অসংগতি পাওয়া গেছে। তারা কেন ওই মাঠে গিয়েছিলেন, সে বিষয়ে দীপ একেক সময় একেক ধরনের তথ্য দিয়েছেন। একপর্যায়ে তিনি সেখানে যাননি বলেও দাবি করেন। পরে মোটরসাইকেলটির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তাহসিফ তাকে মোটরসাইকেলে করে সেখানে নিয়ে গিয়েছিলেন। ওই এলাকা আগে থেকে তার পরিচিত ছিল না বলেও জানান দীপ।

এ ছাড়া ঘটনার রাতে তাদের সঙ্গে অন্য কেউ বা কোনো নারী ছিলেন কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট, হোয়াটসঅ্যাপের কললিস্ট ও বার্তা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে। পিবিআইয়ের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর রাত সাড়ে ১২টা পর্যন্ত দীপের সঙ্গে তাহসিফের ফোন ও হোয়াটসঅ্যাপে ১০ থেকে ১২ বার যোগাযোগ হয়েছিল।

শুক্রবার সকালে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় তুরাগ নদসংলগ্ন একটি মাঠ থেকে নম্বরপ্লেটবিহীন কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেলটি উদ্ধার করে পিবিআই। মরদেহ উদ্ধারের স্থান থেকে মোটরসাইকেলটি প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে পাওয়া যায়। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে এর মালিকানা নিশ্চিত করতে কাগজপত্র, ইঞ্জিন ও চেসিস নম্বর যাচাই করা হচ্ছে।

পিবিআই কর্মকর্তারা জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় নৌ পুলিশ মূল তদন্ত করছে। ঘটনাটি গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্তের মাধ্যমে তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করেছে। তদন্তে পাওয়া তথ্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

এর আগে, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন তাহসিফ। এর আগে আহমেদ শাহরিয়ায় রেজা দীপ তার বাসায় যান। পরে দুজনকে আলাদা দুটি মোটরসাইকেলে করে বের হতে দেখা যায়। পরিবারের দাবি, দীপের ডাকেই বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। হাতের ঘড়ি ও পকেটে থাকা আইফোনের মাধ্যমে স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

aliul / aliul

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

দেশে ফিরল সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

এইচএসসি ও সমমানের ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান

তাহসিফের মৃত্যু: দীপকে নৌ পুলিশের কাছে দিল পিবিআই

আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬২

‘দীপ নানা তথ্য দিয়েছে, প্রতিটি বিষয় যাচাই করে দেখছি’

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির