গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের
দেশে গণপিটুনি, হেফাজতে মৃত্যু, নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা এবং অনলাইন হয়রানির ঘটনা বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)।
সংগঠনটির দাবি, মাত্র ১৫ দিনে আট গণপিটুনির ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। গত মাসে গণপিটুনিতে নিহতের সংখ্যা অন্তত ১৫। এসব ঘটনা দেশে বিচারহীনতার সংস্কৃতি ও আইনের শাসনের দুর্বলতা তুলে ধরছে বলে মনে করছে সংগঠনটি।
রোববার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।
গত ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মানবাধিকার পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিবেদনের ভিত্তিতে তারা এ উদ্বেগ জানান। বিবৃতিতে বলা হয়, রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির সন্দেহে গণপিটুনিতে দু’জন নিহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। অপরাধের অভিযোগ থাকলে প্রচলিত আইনে তদন্ত ও বিচারের মাধ্যমে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে বলা হয়, গণপিটুনি কোনোভাবেই বিচার প্রতিষ্ঠার পদ্ধতি হতে পারে না। অপরাধী সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।
মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের আরেকটি বড় কারণ নারী ও শিশুদের প্রতি যৌন সহিংসতা। বিবৃতিতে বলা হয়, একই সময়ে দেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নির্যাতনের একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বিভিন্ন অঞ্চলের ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশু নির্যাতনের ঘটনা এবং ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ বছর বয়সি শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উদ্বেগজনক।
এ প্রসঙ্গে চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি, অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা জরুরি।
বিবৃতিতে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর নিরাপত্তা, আইনি সহায়তা এবং বিচারপ্রক্রিয়ায় তাঁদের গোপনীয়তা ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। ভুক্তভোগীকে সামাজিকভাবে হেয় করা কিংবা অভিযোগ প্রত্যাহারে চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়।
প্রযুক্তিনির্ভর নারী নির্যাতন নিয়েও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে উল্লেখ করা হয়, একটি গবেষণার জরিপে অংশ নেওয়া ৪৫ দশমিক ৫ শতাংশ নারী প্রযুক্তির মাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হওয়ার তথ্য দিয়েছেন। ফেসবুক ও মেসেঞ্জারে হয়রানির ঘটনা বেশি। অভিযোগ জানানোর পরও অনেক ভুক্তভোগী প্রতিকার পাচ্ছেন না। অনলাইন হয়রানি, ব্ল্যাকমেইল এবং ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহার বন্ধে কার্যকর আইনি ব্যবস্থা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, অবরোধ ও শারীরিক আক্রমণের ঘটনাকে রাজনৈতিক সহনশীলতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরের নিজ কার্যালয়ে হামলার ঘটনাও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে বিবৃতিতে বলা হয়। এসব ঘটনায় রাজনৈতিক পরিচয় বা পেশাগত অবস্থান বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিএইচআরএফের বিবৃতিতে আরও বলা হয়, আইনের শাসন প্রতিষ্ঠায় শুধু অপরাধের বিচার নিশ্চিত করলেই হবে না, অপরাধ সংঘটনের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, হেফাজতে মৃত্যু এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিতর্কিত ভূমিকার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। কোনো ব্যক্তি বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়, প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে।
বিবৃতিতে সংগঠনটির চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর প্রতি সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাঁরা গণপিটুনি বন্ধ, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত, হেফাজতে মৃত্যুর নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দাবি করেন।
aliul / aliul
সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের
বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ
লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ
সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু
‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’
তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ
পোশাকশ্রমিকদের আন্দোলন : টিয়ারশেলে আতঙ্কিত কোমলমতি শিশু ও অভিভাবকরা