সিঙ্গাপুরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকারের
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অন্যতম প্রধান অংশীদার সিঙ্গাপুরকে এ দেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিশেষ করে ভোলাসহ সমুদ্র উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান স্পিকার।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে সম্পর্ক অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ। সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউ এর দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, তার সুদূরপ্রসারী ও বলিষ্ঠ নেতৃত্বেই সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে স্পিকার উল্লেখ করেন, ’২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং এ দেশে পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রা সূচিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ দেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের ফলে এ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়ায় সিঙ্গাপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখতে পারে। এ সময় বিশেষ করে ভোলাসহ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের কাজে সিঙ্গাপুরের বিভিন্ন অভিজ্ঞ কোম্পানিকে এগিয়ে আসার ও বিনিয়োগ করার জোর আহ্বান জানান স্পিকার।
সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ বিশ্ববিদ্যালয় শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে অধিক প্রাধান্য দেওয়া উচিত। এর মাধ্যমেই দেশের বিশাল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
সমুদ্র অর্থনীতি ও শিল্প প্রসারের অভিজ্ঞতা শেয়ার করে হাইকমিশনার বলেন, সিঙ্গাপুর জাহাজ ও বিভিন্ন ধরনের নৌযান নির্মাণের মাধ্যমে নিজেদের অর্থনীতিকে সমৃদ্ধ করে যাচ্ছে। বাংলাদেশেও জাহাজ নির্মাণ শিল্পের প্রসার এবং আধুনিক ড্রাই ডক স্থাপনের মাধ্যমে অর্থনৈতিকভাবে দেশ লাভবান হতে পারে।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি, তৈরি পোশাক শিল্পের প্রসার, দ্বিপাক্ষিক সংসদীয় সফর বিনিময়, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম, সার্বিক শিক্ষার মানোন্নয়ন এবং পাবলিক পরীক্ষা ও সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার প্রক্রিয়া নিয়েও ফলপ্রসূ মত বিনিময় করেন।
উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে সিঙ্গাপুর দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ উভয় দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
aliul / aliul
মিরপুরে হকারদের আর বসতে দেওয়া হবে না
গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
বিরোধী দলের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত : চিফ হুইপ
মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
সিঙ্গাপুরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকারের
মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিরপুরে হামলা-সংঘর্ষের মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২
ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন শুরু আজ থেকে
ট্রাক্টর দিয়ে বাণিজ্য মেলার স্থাপনা ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা
গার্মেন্টস শিল্পে ভাঙচুর-সহিংসতায় বিদেশি ক্রেতারা অন্য দেশে চলে যাচ্ছে