ঢাকা বৃহষ্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১১:২৬

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে গতকাল রাতে ঢাকায় পৌঁছেছেন।

সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ ছাড়া তিনি রাজনৈতিক সংলাপ, বাংলাদেশ-চীন সম্পর্কিত অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

তিনি জানান, মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ হাইশিং।

বিমানবন্দরে চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলাম।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জানান, বুধবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।

এরপর সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে লিউ হাইশিংয়ের সঙ্গে থাকবেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন, জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর উপমহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা লি জিনইয়ান, একই ব্যুরোর বিভাগীয় পরিচালক ওয়াং সিচি এবং আন্তর্জাতিক বিভাগের সাধারণ কার্যালয়ের উপবিভাগীয় পরিচালক ও মন্ত্রীর সহকারী লিউ চেংশিয়াও।

এ ছাড়া প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন ইংরেজি দোভাষী শি মেইচি, আন্তর্জাতিক বিভাগের কর্মকর্তা চেন ইয়ংপেই, ঝাং গুয়ু, লিউ হংরু ও হে ইয়িইয়াং।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিউ হাইশিং।

এ সময় তিনি বঙ্গভবন পরিদর্শন করবেন এবং রাষ্ট্রপতির আয়োজিত স্বাগত মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

একই দিন বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘হোয়্যার হিস্ট্রি ইলুমিনেটস দ্য

'ফিউচার: চায়না-বাংলাদেশ পলিটিক্যাল প্লাস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান। এ অনুষ্ঠানে ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর উদ্বোধনী আয়োজনেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকেল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন লিউ হাইশিং। এরপর তিনি ঢাকায় চীনা দূতাবাসের সাবেক চ্যান্সারি ভবনের স্থান এবং বর্তমান চ্যান্সারি পরিদর্শন করবেন।

সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আয়োজিত নৈশভোজে অংশ নেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন লিউ হাইশিং।

এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন তিনি।

সফর শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চীনা প্রতিনিধিদলের প্রধানের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

aliul / aliul

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

প্রশিক্ষণ শেষ নয়, দক্ষতাকে কর্মসংস্থানে রূপ দিতে হবে

ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু

তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের নিরাপত্তায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন-পরিমাপযোগ্য ফলাফল দেখতে চায় জনগণ

বিচারকদের যাতায়াতের সুবিধার্থে মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন

সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা

সাগরে ঘণীভূত হচ্ছে নিম্নচাপ, সন্ধ্যা নাগাদ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে