এইচএসসির সম্পূরক পরীক্ষা নিয়ে আজ আসতে পারে বিজ্ঞপ্তি
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ হতে পারে।
সম্পূরক পরীক্ষায় দুইয়ের বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন না। তবে সুখবর রয়েছে আগের দুই বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য। ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ করে এবারের সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, মঙ্গলবার সম্পূরক পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে বুধবার বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার অন্যান্য নিয়মকানুন ও বিস্তারিত তথ্য জানানো হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে অকৃতকার্য শিক্ষার্থীদেরও সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। তবে তাদের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ অথবা নিবন্ধন থাকতে হবে। এ শর্ত পূরণ সাপেক্ষে পরপর দুই বা তিন বছর অকৃতকার্য শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এদিকে, সম্পূরক পরীক্ষার ফরম পূরণ ৮ নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে ফরম পূরণের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ১ থেকে ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া থেকে রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৬ সালে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
শিক্ষা বোর্ডগুলোর প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে পরীক্ষার সময়সূচি, ফরম পূরণসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর।
aliul / aliul
সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে
গ্যাস উৎপাদন বাড়াতে ৫ বছরে শতাধিক কূপ খনন করতে চায় সরকার
এইচএসসির সম্পূরক পরীক্ষা নিয়ে আজ আসতে পারে বিজ্ঞপ্তি
৪ ঘণ্টা এগিয়ে ১১টাতেই শুরু গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা
ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত
আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য
জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের প্রথম সভা আজ
মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন সভাপতি ইশরাক
যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, ইতিহাস গড়লেন কিশা বটমস