ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন শুরু: ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১১-২০২৬ রাত ১১:৪৬

এশিয়ার রাজনৈতিক দলগুলোর সর্ববৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিদলের প্রধান, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ সর্বসম্মতিক্রমে অধিবেশনের ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে দক্ষিণ কোরিয়ার সিউলে ক্ষমতাসীন ডেমোক্রেটিক (মিনজু) পার্টি ও বিরোধী দল পিপল পাওয়ার পার্টির যৌথ আয়োজনে ‘দ্য শিলা সিউল’ হোটেলে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী পর্ব শেষে প্রথম প্ল্যানারি সেশনে ভাষণ দেন নবনির্বাচিত ভাইস চেয়ারপারসন মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বর্তমান বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, সামরিক সংঘাত ও আস্থার সংকট নিরসনে কার্যকর গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক সুশাসন, আইনের শাসন এবং বহুপাক্ষিক আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর তাগিদ দেন।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’-কে অত্যন্ত সময়োপযোগী আখ্যায়িত করে তিনি বলেন, ‘বৈশ্বিক শান্তি ও টেকসই সমৃদ্ধি নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি। গণতন্ত্র কেবল নামমাত্র নির্বাচন নয়; এটি জনগণের সাথে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের একটি মৌলিক সামাজিক চুক্তি। এর মূল স্তম্ভ হতে হবে জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি নিরঙ্কুশ শ্রদ্ধাশীলতা।’

বাংলাদেশের রাজনৈতিক রূপরেখা তুলে ধরে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের দেওয়া রাজনৈতিক ম্যান্ডেটকে ক্ষমতার চর্চা হিসেবে নয়, বরং জনগণের আমানত ও দায়িত্ব হিসেবে দেখে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সংঘাতের পথ পরিহার করে গঠনমূলক সংলাপের মাধ্যমেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নীতিতে বিশ্বাসী।

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের চরম মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসমাইল জবিউল্লাহ বলেন, ভূরাজনৈতিক ও কৌশলগত স্বার্থের ঊর্ধ্বে মানবজীবনের মর্যাদাকে স্থান দিতে হবে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের মানদণ্ড কোনো বৈষম্য ছাড়াই সব রাষ্ট্রের জন্য সমানভাবে কার্যকর করা আবশ্যক।

আন্তমহাদেশীয় রাজনৈতিক সংলাপ ও সার্বভৌমত্বের সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের এমন আচরণ করা সমীচীন নয়, যাতে অন্য দেশের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। তিনি আন্তসীমান্ত রাজনৈতিক হস্তক্ষেপ প্রতিরোধে আইসিএপিপির একটি স্থায়ী ও কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রভাব প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এআই প্রযুক্তি একদিকে উৎপাদনশীলতা বাড়ালেও অন্যদিকে কোটি কোটি মানুষের কর্মসংস্থানকে চরম ঝুঁকিতে ফেলছে এবং আধুনিক যুদ্ধাস্ত্রে এর অপপ্রয়োগ বিশ্বকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় আইসিএপিপির সমন্বয়ে একটি অভিন্ন কৌশলগত নীতিমালা প্রণয়ন জরুরি। একই সঙ্গে জলবায়ু সংকট মোকাবিলায় জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য হিস্যা আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের সমাপ্তিতে তিনি বলেন, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশ্ববাসীর বিশ্বাস অটুট থাকলেই মানবজাতির ভবিষ্যৎ সুরক্ষিত হবে। তিনি বাংলাদেশ ও বিএনপির পক্ষ থেকে আইনের শাসন এবং আন্তর্জাতিক সংহতির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আইসিএপিপির এই ১৩তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের মোট পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে বিএনপি প্রতিনিধিদলে রয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি ও সালাহউদ্দিন আইয়ুবী এমপি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলে রয়েছেন মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মনিরা শারমিন ও মো. আলাউদ্দিন। এ ছাড়া জাতীয় পার্টির মো. মমতাজ উদ্দিন ও মো. আলাহান উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম বিল্লাল ও মো. রাজন সিকদার অধিবেশনে অংশ নিচ্ছেন।

এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়া, গণতান্ত্রিক চর্চার বিকাশ ও আঞ্চলিক সংহতি বাড়াতে তিন দিনব্যাপী আয়োজিত এই অধিবেশন চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত। পরবর্তীতে ৭ নভেম্বর প্রতিনিধিদের জন্য দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন শুরু: ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ

আরও ১১ পুলিশ পরিদর্শককে পদোন্নতি

রাষ্ট্রপতির সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সরকার পোশাক শ্রমিকদের দাবির প্রতি আন্তরিক : তথ্য প্রতিমন্ত্রী

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর ২য় বৈঠক

নতুন কুঁড়ি স্পোর্টস (২য় আসর)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

মিরপুরে পুলিশের ওপর হামলা : ডিবির অভিযানে গ্রেপ্তার আরও ৮

বাণিজ্য চুক্তি বাংলাদেশের ভবিষ্যতের ওপর একটি বাজি

ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী