আজ দেশে আসছে হাদিসুরের মৃতদেহ
ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের মৃতদেহ রোমানিয়া থেকে তুরস্কের ইস্তাম্বুল হয়ে গতকাল রোববার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ইস্তাম্বুলে প্রচুর তুষারপাতের কারণে মৃতদেহটি বহন করা তুরস্কের ওই বিমান আর ইস্তাম্বুল ছেড়ে উড়তে পারেনি। মৃতদেহটি আজ সোমবার (১৪ মার্চ) ঢাকায় আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত দুদিনে মৃতদেহটি ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। রোমানিয়া থেকে তুরস্কের ইস্তাম্বুল হয়ে মৃতদেহটি দেশে ফিরছে। যুদ্ধের মধ্যে একাধিক দেশের সীমান্ত পাড়ি দিয়ে মৃতদেহটি বিশেষ ব্যবস্থাপনায় দেশে আনার ব্যবস্থা করেছেন ঢাকার কূটনীতিকরা। এর আগে ওই জাহাজের ২৮ নাবিক গত বুধবার ঢাকায় পৌঁছান।
রোমানিয়ার বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সব ঠিক থাকলে আজ সোমবার হাদিসুরের মৃতদেহ ঢাকায় পৌঁছবে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপদে মৃতদেহটি দেশে আনতে কিছুটা সময় লেগেছে।
এমভি বাংলার সমৃদ্ধি নামে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজটি গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে। পরদিন রাশিয়ার হামলা শুরু হলে জাহাজটি আটকা পড়ে। এর আগে গত ২৬ জানুয়ারি জাহাজটি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে তুরস্কের ইরেগলি হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে। গত ২ মার্চ ওই জাহাজে রকেট হামলা হয় এবং জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত হন।
জাহাজটি এখন পরিত্যক্ত অবস্থায় অলভিয়া বন্দরে আছে। এ ঘটনায় গত ৩ মার্চ ঢাকার রাশিয়ান দূতাবাস শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। ঢাকার রাশিয়ান দূতাবাসের বিবৃতি প্রকাশের এক দিন পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিবৃতি দিয়েছে। বিবৃতিতে রাশিয়া এই রকেট হামলার ঘটনা উদ্ঘাটনে বাংলাদেশকে সহযোগিতা করার কথা বলেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশের জাহাজে কারা রকেট হামলা করেছে তা আমরা এখনো জানি না। তবে রাশিয়া বলেছে, তারা এ হামলার ঘটনা তদন্ত করে আমাদের জানাবে।
জামান / জামান
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির