দেশি পশুতেই মিটবে কোরবানির চাহিদা
চলতি বছর দেশে ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি কোরবানিযোগ্য পশু (গরু, ছাগল, ভেড়া ও উট) রয়েছে, যা চাহিদার থেকে ২৩ থেকে ২৪ লাখ বেশি। এ বছর কোরবনিতে পশুর সংকট হবে না, তাই দেশের বাইরে থেকে পশু আনা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সূত্র জানায়, গত বছরের কোরবানির বাজারে উঠেছিল ১ কোটি ১০ লাখ পশু। এরমধ্যে ২৩ লাখ পশু বিক্রিই হয়নি। দেশের ১ কোটি ২১ লাখ ২৪ হাজার পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৪৬ লাখ ১১ হাজার ৩৮৩টি। ছাগল-ভেড়ার সংখ্যা ৭৫ লাখ ১১ হাজার ৫৯৭। এছাড়া উট, দুম্বা ও অন্যান্য পশুর সংখ্যা ১ হাজার ৪০৯টি।
২০২১ সালে সারাদেশে ৯০ লাখ ৯৩ হাজার পশু কোরবানি হয়েছে, যার মধ্যে ৪০ লাখ ৫৩ হাজার ৬৭৯টি গরু-মহিষ, ৫০ লাখ ৩৮ হাজার ৮৪৮টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৭১৫টি গবাদিপশু কোরবানি হয়েছে।
গত বছর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গবাদিপশুর ডিজিটাল হাট পরিচালনা করে; যার পরিপ্রেক্ষিতে গত বছর অনলাইনে মোট ৩ লাখ ৮৭ হাজার ৫৭৯টি গবাদিপশু ২ হাজার ৭৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৮ টাকায় বিক্রি হয়। এ বছরও অনলাইন প্লাটফর্মে গবাদিপশু ক্রয়-বিক্রয়ের পরিসর বাড়ানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক জিনাত সুলতানা এ বিষয়ে জানান, আসন্ন কোরবানির জন্য ৮ বিভাগে কোরবানিযোগ্য পশু রয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে ৬ লাখ ৩৭ হাজার ১৯৬টি, চট্টগ্রাম বিভাগে ১৫ লাখ ১২ হাজার ১১৪, রাজশাহী বিভাগে ২৭ লাখ ২৮ হাজার ৪৬০, খুলনা বিভাগে ৮ লাখ ৭৯ হাজার ২৫১, বরিশাল বিভাগে ৩ লাখ ৭৪ হাজার ৫৪৩, সিলেট বিভাগে ১ লাখ ৬৬ হাজার ৩৫৩, রংপুর বিভাগে ১০ লাখ ৩ হাজার ২৮১ এবং ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৯ হাজার ৩৪৪টি পশু রয়েছে।
তিনি আরো জানান, পশুর একটি অংশ বরিশাল, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর, শরীয়তপুর ও যশোর অঞ্চল থেকে ঢাকার ওপর দিয়ে দেশের বিভিন্ন এলাকায় যায়। প্রধানমন্ত্রী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন। আগে পশুবাহী ট্রাকগুলোকে তিন-চার দিন ফেরির জন্য অপেক্ষা করতে হতো। এ বছর নির্বিঘ্নে পশু পরিবহন হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের এক পরিচালক এ বিষয়ে জানান, চার বছর আগে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে সিদ্ধান্ত হয় গরু-ছাগল উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ওই নির্দেশনা অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তর পরিকল্পনা গ্রহণ করে। দেশীয় গরু উৎপাদনে কয়েকটি প্রকল্প ও টিম গঠন করা হয়। নিবিড় সম্পর্ক গড়ে তোলা হয় খামারিদের সঙ্গে, প্রশিক্ষণ দেয়া হয় তাদের। গ্রামে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। সারাবছরই খামারিরা ভালো দাম পাচ্ছেন। ফলে কোরবানির ঈদের বাজারের শেষ দিন অনেক গরু ফেরত যাচ্ছে এখন। ভারত, মিয়ানমার এবং নেপাল থেকে গরু আমদানি নেমে এসেছে শূন্যের কোটায়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহাজাদা এ বিষয়ে বলেন, চলতি বছর কোরবানিযোগ্য পশু রয়েছে ১ কোটি ২১ লাখের বেশি, যা চাহিদার তুলনায় বেশি। যারা হাটে যেতে চান না, তারা যেন অনলাইন থেকে পশু সংগ্রহ করতে পারেন সে ব্যবস্থাও থাকবে। অনলাইন থেকে পশু কিনে কেউ যেন প্রতারিত না হন, সেজন্য কঠোর মনিটরিং করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এ বিষয়ে বলেন, কোরবানির জন্য পর্যাপ্ত পশু মজুদ আছে। তাই এ বছরও কোরবানিতে বাইরের দেশ থেকে একটি পশুও আসবে না। আমাদের যে পরিমাণ পশু উৎপাদন হচ্ছে সেটি চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে। সীমান্ত এলাকায় কঠোর হতে বিভিন্ন সংস্থাকে নির্দেশনা দেয়া হয়েছে, যাতে বাইরের দেশ থেকে পশু না আসে। বাইরের দেশের পশু রোগ নিয়ে এলে তা দেশে ছড়িয়ে পড়তে পারে।’
গত বছর অনলাইনে পশু বিক্রির ব্যবস্থা করা হয়েছিল, এবারও সে ব্যবস্থা থাকবে বলে জানান মন্ত্রী।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী