প্রস্তুত কোরবানিযোগ্য ১ কোটি ২১ লাখ পশু
এবার দেশে ৯৭ লাখ ৭৫ হাজার কোরবানির পশুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৮৮৯টি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল রোববার (৩ জুলাই) ডিজিটাল পশুর হাটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, কোরবানির পশু ব্যবস্থাপনা নিয়ে এক সময় নানা বিড়ম্বনা ও প্রতিকূল পরিস্থিতি ছিল। কিন্তু তথ্যপ্রযুক্তির আধুনিকায়নের মাধ্যমে সে পরিস্থিতি অনেক সহজ হয়ে গেছে। ডিজিটাল ব্যবস্থা নিয়ে এক সময় যারা হাসাহাসি করতেন, তারাও এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছেন। এখন আমাদের এই ডিজিটাল ব্যবস্থাকে টেকসই করার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
রেজাউল করিম আরো বলেন, ডিজিটাল হাট থেকে পশু ক্রয়ের পর যদি কারো মনোপুত না হয়, সেক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থা রাখা হয়েছে। আর্থিক লেনদেনের জন্য স্মার্ট কার্ডসহ অন্যান্য অ্যাপসের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। অনলাইনে গবাদিপশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যাতে কেউ প্রতারণার শিকার না হন, সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, সরকারের ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ফলে আজকের ডিজিটাল বাংলাদেশ ও অন্যান্য ডিজিটাল সেবার মান উন্নয়ন সম্ভব হয়েছে। বর্তমানে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। লেনদেনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে হয়রানি ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে চারটি প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে। প্রযুক্তিগুলো বাস্তবায়নের মাধ্যমে ই-কমার্স খাতে শৃঙ্খলা ও আস্থা আরও বাড়বে।
ডিজিটাল হাট-২০২২ উদ্বোধন শেষে আইসিটি প্রতিমন্ত্রী ডিজিটাল হাট থেকে একটি কোরবানির গরু ক্রয় করেন। পরে গরুটি সিলেটের বন্যাকবলিত এলাকার দুঃস্থ মানুষের মাঝে বিতরণের জন্য ই-ক্যাব পরিচালিত প্রতিষ্ঠান ‘মানবসেবা’-তে দান করেন।
আয়োজক প্রতিষ্ঠান এটুআই-এর একশপ ও ই-ক্যাবের পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবছর দেশে এক কোটিরও বেশি কোরবানির পশু কেনা-বেচা হয়। জনসমাগম ও ভোগান্তি কমাতে ২০২০ সালে প্রথমবারের মতো অনলাইনে ‘ডিজিটাল পশুর হাট’ প্ল্যাটফর্মে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়। এই হাটের মাধ্যমে ২০২০ সালে ২৭ হাজার এবং ২০২১ সালে ৩ লাখ ৮৭ হাজার পশু বিক্রি হয়।
ঘরে বসে পছন্দের কোরবানির পশু কেনার সুযোগ করে দিতে এ বছর আরও বড় পরিসরে digitalhaat.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে এ কার্যক্রম গ্রহণ হয়েছে। ডিজিটাল হাটে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট ও মহিষ ক্যাটাগরিতে দেশের ৯৫০টিরও অধিক হাটকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে বিভিন্ন এলাকার ৭০টি খামারকে যুক্ত করা হয়েছে। বিগত বছরের মতো এবারও ডিজিটাল হাটে পশু কেনাবেচায় কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে। ক্রেতা-বিক্রেতার লেনদেনকে নির্বিঘ্ন করতে চালু রাখা হয়েছে এস্ক্রো পেমেন্ট সিকিউরিটি।
অনলাইন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান, এটুআই-এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল প্রমুখ।
জামান / জামান
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩
দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক
রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে আজ
২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি
বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত