কমতে পারে তাপমাত্রা, দূর হবে তাপপ্রবাহ
অবশেষে বৃষ্টিপাত আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাই সোমবার (১৮ জুলাই) তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহও দূর হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আষাঢ় মাসের শেষের দিকে বৃষ্টি একেবারে কমে যায়। বর্ষার দ্বিতীয় মাস শ্রাবণ শুরু হলেও সেই ধারা অব্যাহত রয়েছে। তবে এরই মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেটে বৃষ্টির প্রবণতা বেড়েছে। এখন তা দেশের অন্যান্য অঞ্চলেও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) নিষ্ক্রিয়তায় বৃষ্টিহীন পরিস্থিতিতে সারাদেশের মানুষই গরমে কষ্ট পাচ্ছে। অনেক অঞ্চলেই বইছে তাপপ্রবাহ। যদিও এরই মধ্যে কয়েকটি অঞ্চল থেকে তাপপ্রবাহ দূর হয়েছে।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে বৃষ্টি হয়নি। অন্যান্য বিভাগে হালকা বৃষ্টি হয়েছে। তবে এ সময়ে সবেচেয়ে বেশি ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।
রাজশাহী, রংপুর এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে হাফিজুর রহমান বলেন, আগামী ২৪ ঘণ্টায় এসব অঞ্চল থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।
আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
এমএসএম / জামান
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
উপকূলে খাবার পানিতে লবণাক্ততা, হৃদরোগের ঝুঁকিতে প্রতি পাঁচজনে একজন
মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন
ডিএমপির অভিযানে ২১৪৪ মামলা, আট শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ
দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের
হামে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
ইউনিফর্মধারীদের তুলে নেওয়ার অভিযোগ, চার মাসেও সন্ধান নেই মিরাজের
জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি