‘সম্পর্ক সুন্দর থাকলে কাজ করতে আরাম হয়’
ঢাকাই সিনেমার তরুণ তুর্কি সিয়াম আহমেদ। অন্যদের চেয়ে সিনেমার লাইনআপে তিনি আছেন বিস্তর এগিয়ে। বর্তমানে তার হাতে প্রায় এক ডজন সিনেমা রয়েছে। এর মধ্যে কয়েকটির কাজ শেষ, বাকিগুলো চলমান।
এমন ব্যস্ততার মাঝেই সিয়াম অভিনয় করলেন একটি ওয়েব সিরিজে। নাম ‘মরীচিকা’। পরিচালনা করেছেন সফল নির্মাতা শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন আফরান নিশো, মাহিয়া মাহি, জোভান, ফারজানা রিক্তা প্রমুখ। সোমবার (১২ জুলাই) রাতে এটি মুক্তি পাচ্ছে নতুন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে।
‘মরীচিকা’ মুক্তির প্রাক্কালে যোগাযোগ করে অভিনেতা সিয়ামের সঙ্গে। জানতে চায়, এত ব্যস্ততার মাঝেও ওয়েব সিরিজে কাজ করলেন কেন? জবাবে সিয়াম বলেন, ‘প্রথম কারণ হলো সিরিজটির গল্প। এখানে যেই চরিত্রে অভিনয় করেছি, এমন চরিত্রে আগে কাজ করিনি। দ্বিতীয় কারণ হলো নির্মাতা। শিহাব শাহীন ভাইয়ের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে। তিনি যদি আমার ওপর বিশ্বাস রাখেন, কোনো চরিত্রের জন্য যোগ্য মনে করে ডাকেন, তাহলে কাজটি আমার করা উচিৎ বলে মনে করি।’
সিনেমার প্রসঙ্গ টেনে সিয়াম বলেন, ‘সিনেমা সিনেমার গতিতে চলবে। আর বিশ্বজুড়ে এখন ওটিটি কনটেন্টের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা সবাই জানেন; এটাকে তো উপেক্ষা করার সুযোগ নেই। লকডাউনের কারণে অনেক দিন ধরে নতুন সিনেমা মুক্তি পাচ্ছে না। বেশ কিছু সিনেমা জমে আছে, যেগুলো প্রেক্ষাগৃহ ছাড়া মুক্তি দেওয়া সম্ভব নয়। সেদিক থেকে দর্শকদের নতুন কিছু দেওয়া হচ্ছিল না অনেক দিন থেকে। এই বিষয়টা ভেবে কাজটি করা।’
ট্রেলার প্রকাশের পরই ‘মরীচিকা’ সিরিজটি নিয়ে দর্শকদের মনে আগ্রহ বেড়ে যায়। মুক্তির পর কেমন সাড়া পাবে তা নিয়ে সিয়ামের প্রত্যাশার কথা জানতে চাওয়া হয়। তার ভাষ্য, ‘প্রত্যাশা তো অবশ্যই ভালো। ট্রেলার দেখার পর দর্শকরা যে ভালোবাসা দেখিয়েছেন, সেটাতে খুশি। তবে পুরো কনটেন্টটা দেখার পর কেমন প্রতিক্রিয়া দেবেন, সেটাই গুরুত্বপূর্ণ। আমরা সবাই অনেক কষ্ট করে কাজটিকে পূর্ণতা দিয়েছি। সেটা যদি দর্শকদের মনে একটুও ভালোলাগা তৈরি করতে পারে, সেটাই আমাদের সাফল্য।’
এই ওয়েব সিরিজ ইস্যুতে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আফরান নিশোর প্রশংসা করেন সিয়াম। তিনি বলেছেন, ‘দানবের বিনাশ থাকুক বা না থাকুক, আফরান নিশোর বিনাশ নেই। কী অসাধারণ অভিনেতা তিনি!’
সেই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সিয়াম বললেন, ‘তার ব্যাপারে প্রশংসা করার মতো কেউ না আমি। কারণ সেই হিসেবে আমি অনেক ছোট। তিনি অসম্ভব মেধাবী একজন অভিনেতা। প্রথমত তিনি সৃষ্টিকর্তা প্রদত্ত মেধাবী, দ্বিতীয়ত দারুণভাবে প্রশিক্ষিত। তাকে নিয়ে বলার মতো যোগ্যতা আমাদের হয়নি। এই সিরিজে তার অভিনয় যখন দর্শকরা দেখবেন, তখন বুঝতে পারবেন তিনি কতটা অসাধারণ কাজ করেছেন।’
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সিয়ামের বক্তব্য হলো, ‘শিল্পীদের মধ্যে একজনের কাজের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ থাকা খুব দরকার। আর আমরা তো টিম মেম্বার। তাদের ভালো কাজ দেখেই শিখছি। তিনি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। শুটিংয়ের সময় আমরা চরিত্র নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছি; যাতে দৃশ্যটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। তাকে আমি বড় ভাইয়ের মতো সম্মান করি, তিনিও আমাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন। আমি মনে করি, এই সম্পর্কটা সুন্দর থাকলে কাজ করতে খুব আরাম হয়।’
এমএসএম / এমএসএম
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’
নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী