ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সময় চাইলেন কাজল আরেফিন অমি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৫-২০২৪ দুপুর ৩:১০

এই সময়ের আলোচিত নির্মাতাদের একজন কাজল আরেফিন অমি। ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাণ করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। প্রতিটি নির্মাণেই দেখিয়েছেন মুন্সিয়ানা। তার নির্মিত সবশেষ নাটক ‘শেষমেশ’, যা দর্শক লুফে নিয়েছে। দর্শক এবার অপেক্ষায় আছে অমির সিনেমার। সঙ্গে এও চাওয়া- ‘ফিমেল’ নাটকের সিক্যুয়াল। যা নিয়ে গেল ক’দিন ধরে ফেসবুকে চলছে নানা আলোচনা।

অবশেষে দর্শকদের সেসব কথার উত্তর দিলেন কাজল আরেফিন অমি। জানালেন, ‘ফিমেল’র সিক্যুয়াল আসছে কোরবানির ঈদে। আর সিনেমা নির্মাণের জন্য কিছুটা সময় চেয়েছেন এই নির্মাতা। অমির কথায়, ‘আমি আসলে সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে মিডিয়াতে কাজ শুরু করি। সেই স্বপ্নের সিঁড়ি হিসেবে ২০১০ সালে ইফতেখার আহমেদ ফাহমি ভাইয়ের হাত ধরে পথ চলা শুরু। ২০১৪ সালে প্রথম নিজে ডিরেকশন দেই। ২০১৬ সাল থেকে টিভিতে রেগুলার কাজ শুরু করি। তারপর ২০১৮-১৯ হতে নিয়মিত হই ইউটিউবে। ২০২২-২৩ হতে ওটিটিতে কাজ শুরু করি। এখন ওটিটিতে নিয়মিত বলতে পারেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমি চাই সিনেমা বানাতে, সেটার জন্য প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছি, শিখছি, ভুল করছি, আবার নিজেকে সংশোধন করছি। এখন আমার কাজ ওটিটিতে টাকা দিয়ে দেখতে হয়। নতুন প্ল্যাটফর্ম, নতুন নিয়ম। আপনারা যদি টাকা দিয়ে ভালো কাজ দেখেন তাহলে আমাদের দেশে ভালো কাজের সংখ্যা আরও বেড়ে যাবে। নির্মাতারা বড় পরিসরে কাজ করার সাহস পাবে।’

সিনেমা নির্মাণের সময় চেয়ে এই নির্মাতা বলেন, ‘যে কাজটি আপনার ভালো লাগবে সেটি চিৎকার দিয়ে জানান। তাতে ওই কাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুপ্রাণিত হবে। আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমি বিশ্বাস করি আমার সিনেমা হলে গিয়ে আপনারা অবশ্যই দেখবেন, চিৎকার করবেন। আপাতত আমাকে আর একটু তৈরি হওয়ার সুযোগ দিন, সাহস দিন, ভালোবাসা দিয়ে পাশে থাকুন, সব সময় যেমনটা থাকেন।’

‘ফিমেল’র সিক্যুয়াল প্রসঙ্গে অমি বলেন, ‘“ফিমেল-৪” আসছে বঙ্গ ওটিটিতে। “হোটেল রিল্যাক্স”, “দুঃখিত”, “অসময়”র চেয়ে ব্যাপক সাড়া প্রত্যাশা করছি আপনাদের কাছে। আমার বিশ্বাস বরাবরের মতোই আপনারা পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা দিয়ে ওটিটিতে আরও একটি নতুন রেকর্ড গড়তে চাই। মনে রাখবেন, আমার প্রতিটি পোস্টের নিচে সর্বোচ্চ কমেন্টস থাকে যা নিয়ে সেটি অবশ্যই আমার চোখে পড়ে এবং আমি আরও নিখুঁতভাবে তৈরি হচ্ছি।’

 

Israt / Israt