নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে হামলাকারীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা। রোববার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এই তথ্য জানিয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হামলাকারী বন্দুকধারী নৈশভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে প্রবেশদ্বারের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যরা তার সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করেন। এ সময় তাকে বাধা দেওয়ায় সিক্রেট সার্ভিসের এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালান। পরে সিক্রেট সার্ভিস ও আইনপ্রয়োগকারী অন্যান্য সংস্থার সদস্যরা হামলাকারীর সঙ্গে গুলি বিনিময় করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের হিল্টন হোটেলের তল্লাশি পয়েন্টের কাছে শর্টগান থেকে সিক্রেট সার্ভিসের সদস্যকে লক্ষ্য করে গুলি চালান হামলাকারী। পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে জাপটে ধরে থামান এবং গ্রেপ্তার করেন। ঘটনার ভয়াবহতা আঁচ করতে পেরে সিক্রেট সার্ভিস ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা নৈশভোজ অনুষ্ঠানের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ব্লাঞ্চ বলেন, ‘‘মনে হচ্ছে হামলাকারী প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছিলেন, যার মধ্যে সম্ভবত প্রেসিডেন্টও ছিলেন।’’ তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো এবং সেখান থেকে ওয়াশিংটনে এসেছিলেন।
দেশটির ভারপ্রাপ্ত এই অ্যাটর্নি জেনারেল বলেন, সোমবার ফেডারেল আদালতে সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হবে। তবে এই হামলার সঙ্গে ইরানের কোনও যোগসূত্র আছে কি না, সে সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি।
হামলার পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিসের অ্যাজেন্ট তার বুলেটপ্রুফ ভেস্টের কারণে বেঁচে গেছেন এবং তিনি এখন ভালো অবস্থায় আছেন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, ওই কর্মকর্তা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই হামলার লক্ষ্যবস্তু নিজেই ছিলেন বিশ্বাস করেন তিনি।
২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ট্রাম্পের ওপর তৃতীয়বারের মতো প্রাণঘাতী হামলার চেষ্টা হলো; যা যুক্তরাষ্ট্রে গভীর রাজনৈতিক মেরুকরণেরই বহিঃপ্রকাশ বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটনে ট্রাম্পের অনুষ্ঠানস্থলে হামলার এই ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ওই হামলার ঘটনাকে ‘‘আমাদের মুক্ত ও উন্মুক্ত সমাজের ওপর আক্রমণ’’ বলে অভিহিত করেছেন। বিশ্বনেতারা জোর দিয়ে বলেছেন, গণতন্ত্রে সহিংসতার কোনও স্থান নেই।
• সন্দেহভাজন ব্যক্তি ‘উন্মাদ’ হতে পারেন, ধারণা ট্রাম্পের
দেশটির আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে ৩১ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টমাস অ্যালেন হিসেবে শনাক্ত করেছেন। অ্যালেনের অতীত সম্পর্কে তাৎক্ষণিকভাবে খুব বেশি কিছু জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, তিনি লস অ্যাঞ্জেলেসের কাছে টরেন্সের একজন শিক্ষক ছিলেন।
ওয়াশিংটনের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল বলেছেন, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। তাকে শারীরিক পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার এই কাজের নেপথ্যে কী উদ্দেশ্য ছিল, তা এখনই বলা সম্ভব নয়।
তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী ওই হোটেলেরই একজন অতিথি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রাত প্রায় ৮টা ৩৫ মিনিটের সেই বিশৃঙ্খল পরিস্থিতি মার্কিন শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে; যাদের মধ্যে অনেকেই হোটেলের বিশাল বলরুমে উপস্থিত ছিলেন।
এই ঘটনায় তদন্তের একটি প্রধান দিক হতে পারে, কীভাবে ওই বন্দুকধারী হোটেলের ভেতরে শটগান নিয়ে ঢুকতে সক্ষম হলেন। এই হোটেলে প্রতিবছর হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠিত হয়; যা ওয়াশিংটনের সামাজিক ক্যালেন্ডারের অন্যতম এক প্রধান আয়োজন।
কঠোর নিরাপত্তার মধ্যে ট্রাম্পের মন্ত্রিসভার অনেক সদস্য এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে এবারই প্রথম ট্রাম্প এই অনুষ্ঠানে যোগ দেন। এর আগের বছরগুলোতে তিনি এটি বর্জন করেছিলেন।
এই নৈশভোজ যে হোটেলে আয়োজন করা হয়েছিল, সেখানেই ১৯৮১ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তখন হোটেলের বাইরে এক আততায়ীর গুলিতে তিনি আহত হয়েছিলেন।
ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা চেকপয়েন্টের মধ্য দিয়ে দ্রুত দৌড়াচ্ছেন। নিরাপত্তা কর্মীরা তাদের অস্ত্র বের করার আগেই তিনি গুলি চালান।
বন্দুকধারী দুটি চেকপয়েন্ট অতিক্রম করার পর তাকে পরাস্ত করা হয়। তবে তার ওপর কোনও গুলি চালানো হয়নি। গালা ডিনার বাতিল হওয়ার পর ট্রাম্প বলেন, তিনি ৫০ গজ দূর থেকে তেড়ে এসেছিলেন। তাই রুম থেকে বেশ দূরেই ছিলেন তিনি। হামলাকারী দৌড়াচ্ছিলেন। তিনি সত্যিই খুব দ্রুত ছুটছিলেন।
কর্মকর্তারা মনে করছেন, ওই ব্যক্তি একাই হামলার পরিকল্পনা করেছিলেন বা তিনি একজন উন্মাদ।
ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রাম্প এবং তার স্ত্রী মঞ্চে একটি ডিনার টেবিলে বসে একজনের সঙ্গে কথা বলছেন। ঠিক তখনই বলরুমের পেছন দিকে গোলাগুলির শব্দে হট্টগোল শুরু হয়; যা পুরো রুমে আতঙ্কের সৃষ্টি করে।
মানুষজন চিৎকার করে বলছিলেন, শুয়ে পড়ুন, সবাই নিচে শুয়ে পড়ুন! তুজেডো এবং বল গাউন পরা প্রায় ২ হাজার ৬০০ অতিথির অনেকেই টেবিলের নিচে আশ্রয় নেন। নিরাপত্তা কর্মীরা তাদের অস্ত্র বের করে পাহারায় নামেন। কেউ কেউ মন্ত্রিসভার সদস্যদের মেঝেতে শুইয়ে দেন এবং নিজেদের শরীর দিয়ে তাদের ঢেকে রাখেন। আবার অন্যরা সুরক্ষা বেষ্টনী তৈরি করেন।
সামরিক পোশাক পরা নিরাপত্তা কর্মীরা রাইফেল তাক করে মঞ্চে উঠে আসেন এবং ট্রাম্প, মেলানিয়া ট্রাম্প ও জেডি ভ্যান্সকে দ্রুত সরিয়ে নেন। বিশাল রুমের বিভিন্ন টেবিলে বসে থাকা মন্ত্রিসভার সদস্যদের নিজস্ব নিরাপত্তা কর্মীরা একে একে বাইরে নিয়ে যান।
বেশিরভাগ অতিথি টেবিলের নিচে গুটিসুটি মেরে থাকলেও কেউ কেউ তখন ইউএসএ, ইউএসএ বলে স্লোগান দেন। ওয়াশিংটনের একটি সূত্র রয়টার্সকে বলেছে, মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা ধরে মঞ্চের পেছনে অপেক্ষায় ছিলেন ট্রাম্প। পরে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, তিনি অনুষ্ঠান ছেড়ে যেতে চাননি।
তার এই মন্তব্য ২০২৪ সালে পেনসিলভেনিয়ার বাটলারে এক হত্যা চেষ্টা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়ার পর মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সেই প্রতিবাদী ছবির কথা মনে করিয়ে দেয়। ওই সময় ২০ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে ট্রাম্পের কানের ওপরের অংশ জখম হয় এবং পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে সেই হামলাকারী নিহত হন।
বাটলারের সেই ঘটনার ঠিক দুই মাস পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে ট্রাম্প যখন খেলছিলেন, তখন সিক্রেট সার্ভিস অ্যাজেন্টরা ঝোপের মধ্যে অস্ত্রসহ এক ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখেন। সেই ঘটনাকেও হত্যাচেষ্টা হিসেবে বিবেচনা করেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং গত ফেব্রুয়ারিতে ওই সন্দেহভাজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র: রয়টার্স।
এমএসএম / এমএসএম
নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প
মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের
হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি
ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক
ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত
ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প
‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান