বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, সেখান থেকে প্রেম। সেই প্রেমকে বাস্তবে রূপ দিতে বিয়ের আশায় নিজের সব সম্পদ বিক্রি করে ১ হাজার ২০০ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়েছিলেন ব্রাজিলের ৪৯ বছর বয়সী এক ব্যক্তি। কিন্তু গন্তব্যে পৌঁছে জানতে পারেন, এত দিন যাঁকে মনের মানুষ ভেবে এসেছেন, সেই প্রেমিকার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি কাল্পনিক চরিত্র।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এডিমার মার্টিন্স নামের ওই ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি। টিভি মিরান্তেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে জেসিকা অলিভেইরা নামের একটি অ্যাকাউন্টের সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘদিন ধরে ওই অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগের পর জেসিকাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।
সেই স্বপ্ন পূরণের আশায় গত ৯ অক্টোবর নিজের ব্যক্তিগত জিনিসপত্র বিক্রি করে বাসভাড়া জোগাড় করেন মার্টিন্স। উত্তর-পূর্ব ব্রাজিলের মারানহাও রাজ্য থেকে তার গন্তব্য ছিল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের রাজধানী বেলো হরিজন্তে। সেখানে পৌঁছে গত ১১ অক্টোবর প্রেমিকার খোঁজ শুরু করেন তিনি।
কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও জেসিকার দেখা পাননি মার্টিন্স। একপর্যায়ে স্থানীয় একটি রেডিও স্টেশনে গিয়ে জানতে পারেন, তার স্বপ্নের সেই নারীর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। পরে অর্থ ফুরিয়ে গেলে বেলো হরিজন্তে সিটি হলে গিয়ে এক সমাজকর্মীর কাছে নিজের দুরবস্থার কথা জানান। সেখান থেকে বাড়ি ফেরার জন্য প্রয়োজনীয় সহায়তা পান তিনি।
মার্টিন্স জানান, একাকিত্ব কাটিয়ে জীবনে একজন সঙ্গী খুঁজে পাওয়ার আশাতেই এত দূরের পথ পাড়ি দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে হতাশা নিয়েই ফিরতে হচ্ছে।
জেসিকা অলিভেইরা নামের ওই অ্যাকাউন্টটির অনুসারী ছিল প্রায় তিন লাখ। অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে এআই দিয়ে তৈরি নারী চরিত্রটিকে বলতে শোনা যায়, তিনি এমন একজন পুরুষ খুঁজছেন, যাঁকে নিজের খামারে নিয়ে গিয়ে আর্থিকভাবে দেখাশোনা করবেন।
তবে পরবর্তী সময়ে প্রকাশিত আরেকটি ভিডিওতে অ্যাকাউন্টটির পরিচালনাকারী স্বীকার করেন, জেসিকা সম্পূর্ণ এআই-নির্মিত একটি চরিত্র। মার্টিন্সের সঙ্গে তার কোনো সরাসরি যোগাযোগও হয়নি। পরিচালনাকারীর দাবি, বাণিজ্যিক উদ্দেশ্যে অনুসারী বাড়ানো এবং মানুষের সম্পৃক্ততা তৈরির লক্ষ্যেই অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছিল।
এত কিছুর পরও প্রেমের আশা ছাড়তে চান না মার্টিন্স। বর্তমানে এক আত্মীয়ের সঙ্গে থাকা এই ব্যক্তি জানিয়েছেন, তিনি আবারও বেলো হরিজন্তে যাবেন। তবে এবার আর ভার্চুয়াল জগতে নয়, বাস্তব জীবনেই খুঁজবেন নিজের মনের মানুষকে। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট
Aminur / Aminur
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’
ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা