ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর সংঘর্ষ ও অসদাচরণের ঘটনায় বড় শাস্তি পেয়েছিলেন আর্জেন্টিনার তিন ফুটবলার। এর মধ্যে দুজনের শাস্তি পুনর্বিবেচনা করেছে ফিফা। কমেছে নাহুয়েল মলিনার শাস্তি। তবে লিয়েন্দ্রো পারেদেসের ১০ ম্যাচের শাস্তি বহাল রাখা হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ফিফার আপিল বিভাগ মলিনার শাস্তি কমিয়েছে। তবে পারেদেসের নিষেধাজ্ঞা অপরিবর্তিত রেখেছে। এর আগে মলিনাকে সাত ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা, আপিলে সেই শাস্তি কমিয়ে চার ম্যাচ করা হয়েছে। পাশাপাশি তার জরিমানা ৯০ হাজার থেকে কমিয়ে করা হয়েছে ৬০ হাজার ডলার। ফাইনালে জয় উদযাপনরত স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মেরেছিলেন মলিনা।
বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে খেলা মিডফিল্ডার পারেদেসের শাস্তি কমেনি। স্পেনের খেলোয়াড়দের উদ্যাপনের মধ্যে এরিক গার্সিয়াকে ধাক্কা ও আঘাত করার পাশাপাশি গাভির সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছিলেন তিনি। এ ঘটনায় তার ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলার জরিমানা বহাল রেখেছে ফিফা।
পারেদেসের শাস্তির পাশাপাশি বৈষম্যমূলক স্লোগানের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর আরোপিত ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানাও বহাল রেখেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। তবে পারেদেসের নিষেধাজ্ঞা এবং বর্ণবাদী স্লোগানের জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) আপিল করার ঘোষণা দিয়েছে এএফএ। সিদ্ধান্তগুলোর বিস্তারিত কারণ জানতে চাওয়ার পর আপিল করবে সংস্থাটি। তাদের দাবি, আপিলের পক্ষে যথেষ্ট তথ্যগত ও আইনি যুক্তি রয়েছে।
এর আগে ফিফার নিষেধাজ্ঞা অনুযায়ী, থিয়াগো আলমাদাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। অন্যদিকে, দানি ওলমোকে ঘুষি মারার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়। আগের আন্তর্জাতিক বিরতিতেই এই দুই কোচ-ফুটবলারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসে ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসির অবসর পরবর্তী প্রথম ম্যাচে আগামী ১৩ নভেম্বর বুয়েন্স আয়ার্সে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এরপর ১৭ নভেম্বর কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা।
aliul / aliul
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি
ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন তারকার
মুশফিকের পর ক্যাচ শিখিয়ে ফিরলেন লিটন, হৃদয়ের প্রথম ফিফটি
অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার-কোচই ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ আগে থেকে জানতেন
অভিষেক হওয়ার দিনেই টেস্টকে বিদায় বললেন শামি
২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ
বিদায়ী ম্যাচ খেলতে রাজি নন রোনালদো
হাসান মাহমুদের ৬ উইকেট, ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের
মুম্বাইয়ের দায়িত্ব পেয়ে লন্ডন ছাড়ছেন পোলার্ড
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
ইয়ামাল-এমবাপে-রাফিনিয়া-হালান্ড ও দলীয় যত রেকর্ড