ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সিপাহী-জনতার বিপ্লবে শহীদ জিয়াকে মুক্ত করার মাধ্যমে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে আসে: হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ১০:৩৬

‎জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বন্দিদশা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করার মাধ্যমে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছিল। ওই বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নতুন করে সামনে আসে।

‎তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, সততা, দেশপ্রেম ও রাষ্ট্র পরিচালনার নীতিকে ধারণ করতে পারলেই তাঁর স্মৃতির প্রতি প্রকৃত সম্মান জানানো হবে। শুধু ছবি, পোস্টার কিংবা আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করাই যথেষ্ট নয়; তাঁর আদর্শ ও রাষ্ট্রচিন্তা বাস্তবায়ন করতে হবে।

‎আজ জাতীয় সংসদে নিজ কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

‎৭ নভেম্বরের বিপ্লবে অংশগ্রহণকারী এবং গণতন্ত্র ও মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখা ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হুইপ নিজান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছিল, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে সেই আকাঙ্ক্ষা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়।

‎তিনি বলেন, বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ভিন্নমত প্রকাশের সুযোগ সংকুচিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষের জন্য রাজনীতির ক্ষেত্র উন্মুক্ত করেন।

‎সংবাদপত্রের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

‎নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে হুইপ বলেন, ৭ নভেম্বরের সময় তিনি ছিলেন ছাত্রজীবনের প্রাথমিক পর্যায়ে। তখন স্কুল থেকে কলেজে উঠেছেন। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর ১৯৭৮ সালে প্রথম ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ওই সময় দেশের ছাত্ররাজনীতিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী ও বিপ্লবী ছাত্র ইউনিয়নের মতো বিভিন্ন সংগঠন সক্রিয় ছিল। এর মধ্যেই নতুন রাজনৈতিক সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের আবির্ভাব ঘটে।

‎

‎তিনি বলেন, ছাত্রদলের কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে সম্পৃক্ত করার একটি উদ্যোগ দেখতে পান তাঁরা। অনার্স পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেওয়া হতো। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য রাশিদা বেগম হীরাও ছিলেন। তাঁর কাছ থেকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা শুনে তাঁরা জিয়াউর রহমান সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন।

‎হুইপ নিজান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় জিয়াউর রহমান ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন তুলে ধরতেন। তিনি শিক্ষার্থীদের বলতেন, তাঁরাই আগামী দিনের কর্ণধার। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব মানুষের জন্য রাজনীতি, মতপ্রকাশ ও ভিন্নমত পোষণের অধিকার থাকবে। দেশের গণতান্ত্রিক বিকাশে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

‎তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ার সময় ইতিহাস বিভাগের শিক্ষক আরিফ মঈনুদ্দিনের উদ্যোগে বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে একটি দল গঠন করা হয়। বিভিন্ন মত ও রাজনৈতিক পরিচয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায় ৪০ জনকে নিয়ে দলটি গঠন করা হয়েছিল। তাঁদের নিয়ে যশোরের উলশী-যদুনাথপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন অবস্থানকালে প্রায় সাড়ে চার ঘণ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সরাসরি সময় কাটানোর সুযোগ হয়েছিল তাঁর।

‎সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, জিয়াউর রহমানের সঙ্গে প্রথম পরিচয়ের সময় তিনি নিজ হাতে শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করেন। স্বনির্ভর বাংলাদেশের ধারণা, কৃষির গুরুত্ব, খাদ্য উৎপাদন এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। 

‎ছোট্ট এই দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা নিজেদের মাটি থেকেই পূরণ করতে হবে—এমন চিন্তা ছিল তাঁর রাষ্ট্রীয় দর্শনের অন্যতম ভিত্তি।

‎তিনি বলেন, বাংলাদেশের আয়তন সীমিত হলেও এ দেশের মাটি, নদী, খাল ও কৃষিসম্পদকে কাজে লাগিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা সম্ভব।

‎ এ জন্য কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জিয়াউর রহমানের বক্তব্যে শিক্ষার্থীরা অভিভূত হয়েছিলেন। তবে তিনি তাঁদের সরাসরি কোনো রাজনৈতিক দলের কর্মী হওয়ার আহ্বান জানাননি। বরং নিজেদের এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে, তাঁদের সমস্যা বুঝতে এবং দেশের উন্নয়নচিন্তা ছড়িয়ে দিতে উৎসাহিত করেছিলেন।

‎হুইপ বলেন, পরবর্তী সময়ে আরিফ মঈনুদ্দিন তাঁদের কয়েকটি দলে ভাগ করে দেশের বিভিন্ন এলাকায় পাঠান। তিনি নিজে কয়েকজন সহপাঠীকে নিয়ে সীতাকুণ্ড, মীরসরাই ও সন্দ্বীপ এলাকায় যান। সেখানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়। তৎকালীন মহকুমা প্রশাসনের কর্মকর্তারা তাঁদের সঙ্গে বৈঠক করেন এবং স্থানীয় মানুষের কাছে বক্তব্য তুলে ধরার সুযোগ করে দেন।

‎তিনি বলেন, গ্রামাঞ্চলে গিয়ে তাঁরা দেখেছেন, সাধারণ মানুষ জিয়াউর রহমানের উন্নয়নচিন্তা ও স্বনির্ভর বাংলাদেশের ধারণা অত্যন্ত আগ্রহের সঙ্গে গ্রহণ করছেন।

‎ উলশী-যদুনাথপুরে মানুষের মধ্যে তাঁর বক্তব্য শোনার যে আগ্রহ দেখেছিলেন, তা তাঁদের মনে গভীর ছাপ ফেলেছিল। একজন রাষ্ট্রপতি হয়েও তিনি যেভাবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশতেন, তাঁদের কথা শুনতেন এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখাতেন, তা ছিল ব্যতিক্রমী অভিজ্ঞতা।

‎জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান ও পরবর্তী সময়ে তাঁর গ্রহণযোগ্যতা সম্পর্কে হুইপ নিজান বলেন, বিশ্ব রাজনীতির ইতিহাসে সামরিক বাহিনীর পটভূমি থেকে আসা কোনো নেতার পক্ষে সামরিক শাসনের পরিচয় অতিক্রম করে দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রভাব তৈরি করা সহজ নয়। অনেক দেশে সামরিক পটভূমি থেকে ক্ষমতায় আসা নেতারা তাঁদের মৃত্যুর পর রাজনৈতিকভাবে প্রভাব হারিয়েছেন। কিন্তু জিয়াউর রহমানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন।

‎তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে মাত্র তিন বছর আট মাস দায়িত্ব পালনের সুযোগ পেলেও তাঁর রাজনৈতিক দর্শন ও কর্মসূচি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে। 

‎আজও দেশের রাজনীতির একটি বড় অংশে তাঁর ১৯ দফা কর্মসূচি, স্বনির্ভরতার চিন্তা, জাতীয়তাবাদী দর্শন এবং রাষ্ট্র পরিচালনার নীতি আলোচিত হচ্ছে।

‎শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও ব্যক্তিগত চরিত্রের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে নানা ধরনের সমালোচনা করলেও তাঁর সততা ও ব্যক্তিগত চারিত্রিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব কমই তৈরি হয়েছে। তাঁর মতে, একজন রাষ্ট্রনায়কের রাজনৈতিক দর্শনের পাশাপাশি ব্যক্তিগত সততা ও দেশপ্রেমও মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎হুইপ নিজান বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার ধারণের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি বিরোধী দলে থাকাকালে সংসদীয় গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সংসদে বিরোধী দলের সীমিত সংখ্যক সদস্য নিয়েও তিনি সংসদীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

‎নিজের সংসদীয় অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নবম জাতীয় সংসদে তিনি সদস্য ছিলেন। ওই সংসদে বিএনপির সংসদ সদস্যের সংখ্যা ছিল সীমিত। সংসদে অনেক সময় ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হতো। বেগম খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে অসম্মান করার চেষ্টা করা হতো। কিন্তু তিনি এসব প্রতিকূলতার মধ্যেও সংসদীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় ছিলেন।

‎তিনি বলেন, বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কথা বলার ক্ষেত্রে সব সময় ‘মরহুম শেখ মুজিবুর রহমান’ বলে সম্মানসূচক সম্বোধন করতেন। জাতীয় সংসদে শেখ মুজিবুর রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি স্থাপনের প্রস্তাবও তাঁর সময়ে উত্থাপিত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

‎হুইপ নিজান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের মধ্যে গণতন্ত্র, জাতীয়তাবাদ, মানুষের অধিকার ও রাষ্ট্রের জবাবদিহির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এসব রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই জিয়াউর রহমানের আদর্শকে এগিয়ে নেওয়া সম্ভব।

‎তিনি বলেন, রাজনীতিতে নেতার পোশাক, হাঁটাচলা কিংবা বাহ্যিক আচরণ অনুকরণ করাই আদর্শ অনুসরণের প্রকৃত অর্থ নয়। একজন নেতা দেশ ও মানুষের জন্য কী করতে চান, তাঁর বক্তব্য ও রাজনৈতিক কর্মসূচিতে কী ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ পায়, সেটি বুঝে বাস্তবায়ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‎নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তিনি নিজেকে বিএনপির একজন ক্ষুদ্র কর্মী এবং তারেক রহমানের একজন ক্ষুদ্র অনুসারী মনে করেন। রাজনৈতিক পরিচয়ের বাইরে সাধারণ মানুষের ভালোবাসা ও উৎসাহ তাঁকে অনুপ্রাণিত করে। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ তাঁর বক্তব্য শোনার আগ্রহ প্রকাশ করেন। তাঁর মতে, মানুষ মূলত ভালো রাজনীতি, সৎ নেতৃত্ব এবং কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে।

‎৭ নভেম্বরের তাৎপর্য বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কীভাবে প্রাসঙ্গিক, সে বিষয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানসহ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে মানুষের আত্মত্যাগের ইতিহাস রয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছেন। ২০২৪ সালের আন্দোলনে ৩৬ দিনের ঘটনাপ্রবাহে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন দেশে গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

‎তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু গণতন্ত্র, শ্রমজীবী মানুষের অধিকার, জুলুমের বিরুদ্ধে অবস্থান এবং ধর্মীয় স্বাধীনতার মতো মৌলিক বিষয়ে জাতীয় ঐকমত্য প্রয়োজন। সংসদে বিরোধী দলের সদস্যদের সঙ্গেও এসব বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে।

‎শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের উদ্যোগে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিন দিনের মধ্যে মজুরি বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেন। তাঁর মতে, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা রাজনৈতিক দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে বিরোধী দলেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

‎৭ নভেম্বরের কর্মসূচি ও স্মরণ আয়োজন সম্পর্কে নিজের প্রত্যাশা তুলে ধরে হুইপ নিজান বলেন, দিবসটি পালনের ক্ষেত্রে শুধু আনুষ্ঠানিকতা, ছবি কিংবা পোস্টারনির্ভর কার্যক্রমে সীমাবদ্ধ থাকলে চলবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখতে হলে তাঁর গণতান্ত্রিক চেতনা, সততা, দেশপ্রেম, স্বনির্ভর অর্থনীতি এবং রাষ্ট্র পরিচালনার দর্শন ধারণ করতে হবে।

‎তিনি বলেন, মানুষের আকাঙ্ক্ষায়, মনোজগতে এবং রাজনৈতিক চেতনায় যে জিয়াউর রহমান বেঁচে আছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এই পরিচয় ও আদর্শকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

‎ তিনি আরও বলেন, ৭ নভেম্বর হোক জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন বাস্তবায়নের নতুন অঙ্গীকারের দিন। তাঁর আদর্শকে শুধু মুখে নয়, কাজে প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র, মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, জাতীয় ঐক্য ও অর্থনৈতিক স্বনির্ভরতার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, তা বাস্তবায়ন করতে পারলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।

‎

এমএসএম / এমএসএম

'পাসপোর্ট নয়, বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরতে হবে'

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারনের সভা মঙ্গলবার

ঢাকায় আইএফআরসির নতুন প্রতিনিধি সেভাল গুজেলকিলিঞ্চ

যে কারণে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে

ই-রিকশা নীতিমালা সংশোধনসহ ১২ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রিহ্যাবের আলোচনা সভা

জেদ্দায় শুরু হলো ষষ্ঠ হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা

দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা : রয়টার্সের এক্সক্লুসিভ

ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৫৪১

রাজধানীর আরও তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঢাকায় অটোরিকশাচালকদের ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা