ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ স্বীকার এনডিভিয়া প্রধানের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ২:১০

অ্যালিস হুয়াং নামের এক চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে স্বীকার করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপ প্রস্তুকারী সংস্থা এনডিভিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। গত কাল নিজের কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে এ ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

‘আমাদের কোম্পানির উদ্দেশে একটি বার্তা’ নামের সেই ইমেইলটি সম্পূর্ণ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। কোম্পানির সহকর্মীদের উদ্দেশে সেখানে জেনসেন হুয়াং বলেছেন, “আমি আমার পরিবার এবং আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার কর্মকাণ্ড তাকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত হতে পারে না। আমি গভীরভাবে দুঃখিত।

“আমার পুরো জীবনে আমার পরিবার আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছে। তারা আমার সততা ও আনুগত্য পাওয়ার যোগ্য। অথচ, আমি তাদের হতাশ করেছি এবং আমরা একসঙ্গে যে জীবন গড়ে তুলেছিলাম, তার ক্ষতি করেছি। আমার কাজের জন্য এবং যে কষ্ট আমি দিয়েছি, তার সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। এর ফলে যে সমালোচনা আসবে, তাও আমি মেনে নিচ্ছি।”

“আমার স্ত্রী ও পরিবারের উদ্দেশ্যে: আমি তোমাদের ভালোবাসি। আমি জানি, ক্ষমা চেয়েও আমার করা কাজগুলো মুছে ফেলা সম্ভব নয়। আমি আশা করি, আমাদের পরিবার আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আমি হয়তো আপনাদের বিশ্বাস পুনরায় অর্জন করতে পারব।”

“এনভিডিয়াতে আমার সহকর্মী—যাদের অনেকের সঙ্গে আমি কয়েক দশক ধরে কাজ করেছি—এবং আমাদের বোর্ড, অংশীদার ও বিশ্বজুড়ে থাকা শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলছি: আপনারা আমার কাছ থেকে আরও ভালো কিছু পাওয়ার যোগ্য।”

“এনভিডিয়ার নেতৃত্ব দেওয়া আমার জীবনের এক বড় সৌভাগ্য। আমার দায়িত্ব হলো আপনাদের সেবা করা এবং আপনাদের আস্থার যোগ্য হয়ে ওঠা। আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি। আমি এনভিডিয়া’র প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের আস্থা পুনরায় অর্জনের জন্য কাজ করে যাব।”

“সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে জাতীয় নিরাপত্তার বিষয়ে যে উদ্বেগ উত্থাপিত হয়েছে, তার প্রেক্ষিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি নিরপেক্ষ তদন্ত শুরু করেছে। আমি এই তদন্তকে সমর্থন করি এবং এতে পূর্ণ সহযোগিতা করব। আমি আমাদের দেশ ও আমাদের কোম্পানিকে ভালোবাসি; এনভিডিয়াকে রক্ষা করা এবং আমেরিকার জাতীয় নিরাপত্তাকে সহায়তা করার বিষয়ে আমি প্রতিশ্রুতিবদ্ধ। একজন আমেরিকান হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ।”

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

গত ২৯ অক্টোবর মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন কোম্পানি এনডিভিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনা নারী গুপ্তচরের প্রেমে পড়েছিলেন। সেই নারীর নাম অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লি। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে এনভিডিয়ার উন্নত এআই  চিপ ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বেইজিংয়ে পাচার করছিলেন।

দ্য নিউিইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে,  অ্যালিস পেশায় ব্যবসায়ী এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেম চলাকালে তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি ‘মেগাস্পিড’-এর একজন নির্বাহী ছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাকে চীনের হয়ে কাজ করা একজন গোয়েন্দা হিসেবে শনাক্ত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সূত্রের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অ্যালিস হুয়াংকে নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি চালানো হয়েছিল। তিনি চীনের প্রভাবশালী গোয়ঢেন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির চিপ সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছিল চীনের এই গোয়েন্দা সংস্থা। পাশাপাশি এনভিডিয়াকে তাদের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপ চীনের জন্য সহজলভ্য করতে প্ররোচিত করার পরিকল্পনাও ছিল। তবে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কখন বা কীভাবে পরিচয় হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে রিপাবলিকানরাও জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথিত ওই চীনা গুপ্তচরের সম্পর্ক নিয়ে তদন্ত করছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অপ রিপ্রেজেন্টেটিভসের (প্রতিনিধি পরিষদ) চীনবিষয়ক বিশেষ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা জেনসেন হুয়াংকে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে তাকে যৌথভাবে আয়োজিত রুদ্ধদ্বার ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কমিটির বিবৃতিতে বলা হয়েছে, মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ এবং বিদেশি প্রতিপক্ষের গুপ্তচরবৃত্তি ঠেকাতে এনভিডিয়ার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আইনপ্রণেতাদের উদ্বেগের কথা চিঠিতে তুলে ধরা হয়েছে।

এনভিডিয়ার নিরপেক্ষ তদন্ত শুরু

গতকাল রোববার  বিবৃতিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে যে, ‘প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং একটি বিদেশি গোয়েন্দা প্রচেষ্টার লক্ষ্যবস্তু হয়েছেন—এমন সাম্প্রতিক প্রতিবেদনের আলোকে’ কোম্পানি একটি নিরপেক্ষ তদন্ত শুরু করেছে। পর্ষদ উল্লেখ করেছে যে, জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপনীয় তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করার কোনো কারণ তাদের কাছে নেই, তবে এই তদন্তে সমস্ত উপলব্ধ তথ্য খতিয়ে দেখা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, “পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্রের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, যা এনভিডিয়া এবং এর শেয়ারহোল্ডারদের স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বাইরের নিরপেক্ষ আইনি উপদেষ্টাদের সহায়তায় স্বতন্ত্র পরিচালকদের একটি কমিটি এই তদন্ত কার্যক্রম তদারকি করবে।

পরিচালনা পর্ষদ জেনসেন এবং তার নেতৃত্বস্থানীয় দলের প্রতি আস্থা প্রকাশ করেছে।

রোববার এই প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং বিষয়টিকে একটি ‘অভ্যন্তরীণ করপোরেট বিষয়’ বলে অভিহিত করেন।

মেগাস্পিডের সঙ্গে লেনদেনকে ‘স্বাভাবিক’ বলে দাবি এনভিডিয়ার

চীনা গুপ্তচর সন্দেহে অভিযুক্ত অ্যালিস হুয়াং 'মেগাস্পিড' নামক একটি কোম্পানির শীর্ষ নির্বাহী। বাইডেন প্রশাসনের শেষ দিকে মার্কিন বাণিজ্য বিভাগ এই কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল; কারণ ধারণা করা হচ্ছিল যে, কোম্পানিটি চীনকে মার্কিন বিধিনিষেধ এড়িয়ে এনভিডিয়ার এআই চিপ সংগ্রহের সুযোগ করে দিচ্ছে।

সংবাদটি প্রথম প্রকাশ্যে আসার পর জেনসেং জানিয়েছিলেন যে, মেগাস্পিডের কর্মকর্তাদের সাথে এনভিডিয়ার সম্পর্ক ছিল যথাযথ।

তিনি বলেন, “আমরা তাদের কাছে সরবরাহ করা আমাদের সমস্ত জিপিইউ’র ব্যবহার পর্যালোচনা করেছি এবং প্রতিটি ইউনিটের হিসাব রেখেছি। আমার মনে হয়, মার্কিন সরকারও বিষয়টি খতিয়ে দেখেছে।”

জেনসেন আরও জানান, ওই ব্যক্তির সাথে তার যে যোগাযোগ ছিল—তা চীনা গ্রাহক বা নির্বাহীদের সাথে সাধারণ ব্যবসায়িক সম্পর্কের মতোই ছিল। তিনি আরও বলেন, ওই ব্যক্তি এখন আর মেগাস্পিডের সাথে যুক্ত নেই।

“আমাদের সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ মেগাস্পিডের সাথে সম্পর্কিত ছিল এবং পুরো বিষয়টি ছিল সম্পূর্ণ স্বাভাবিক; এতে অস্বাভাবিক কিছু ছিল না,” বলেন জেনসেং।

তিনি আরও জানান, অ্যালিস হুয়াংয়ের বিষয়ে মার্কিন সরকারের যে সন্দেহ রয়েছে, সে সম্পর্কে তাকে কিছু জানানো হয়নি।


সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড

aliul / aliul

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ স্বীকার এনডিভিয়া প্রধানের

নীতিগত দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু ‘খুবই সাদৃশ্যপূর্ণ’: ট্রাম্প

ইয়েমেনে সংঘাত : ২৪ ঘণ্টায় ২৬০ জন হুথি ‘নিষ্ক্রিয়’, ৯ সেনা কর্মকর্তা নিহত

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে : শুভেন্দু অধিকারী

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

হরমুজ প্রণালিতে তিন তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

মোদির সরকারের পতন কবে, জানালেন দীপকে

আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ২১

সানায় সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

এবার সৌদির রাজধানীতে মিসাইল ছুড়ল হুথিরা

সরকারবিরোধী তিন আন্দোলনকারীকে ফাঁসিতে ঝুলালো ইরান

বাবরি মসজিদ ভাঙতে দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী

মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো বিপ্লবী গার্ড