ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আলোচনা এগিয়ে চললে ইরানে নতুন হামলার সম্ভাবনা খুবই কম : ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ৩:১৭

সংঘাত নিরসনে আলোচনা এগিয়ে চললে ইরানে মার্কিন বাহিনীর নতুন করে হামলা বা সামরিক অভিযান পরিচালনা করার সম্ভাবনা খুবই কম বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (রোববার) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “এটি (সম্ভাব্য নতুন হামলা) নির্ভর করছে তারা একটি অত্যন্ত শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবে কি না তার ওপর। সহজ কথায়, (ইরান চুক্তি স্বাক্ষরে রাজি থাকলে) এমন হামলার প্রয়োজন পড়ার সম্ভাবনা খুবই কম।”

সিএনএন অবশ্য জানায়নি যে ঠিক কী প্রশ্ন ট্রাম্পকে করা হয়েছিল। তবে ট্রাম্প জানিয়েছেন যে, যদি হামলা পুনরায় শুরু হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোগত সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো চিহ্নিত করে রেখেছে—যার মধ্যে ৩৮টি সেতু রয়েছে। সেই সেতুগুলোকে প্রথম ‘টার্গেট’ করা হবে।

“আমরা আক্ষরিক অর্থেই এক ঘণ্টার মধ্যে ওই সেতুগুলো ধ্বংস করে দিতে পারি”, সিএনএনকে বলেছেন তিনি।

এদিকে রোববার স্থানীয় সময় বিকেলের দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে 'টাস্ক ফোর্স আয়রন গেট' পূর্ণ শক্তিতে কার্যকর রয়েছে। এই সামরিক অভিযানের লক্ষ্য হলো স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে তেহরানে উন্নত অস্ত্রশস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রীর প্রবেশ বন্ধ করা।

গত সপ্তাহের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ। অন্যদিকে, ট্রাম্পের উত্তরসূরি হিসেবে বিবেচিত ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আরও এক ধাপ এগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্টভাবে লিখেছেন, “আমরা হেরেছি কারণ আমরা যুদ্ধ করছি।”

রবিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরান নিয়ে ভ্যান্সের মন্তব্য অনেকেই পছন্দ করেননি।”

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও—যাকে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরিদের একজন হিসেবে বিবেচনা করা হয়—রোববার ইরান যুদ্ধ ও নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, সে সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সাংবাদিকদের তিনি বলেছেন, “আমি শুধু এটুকুই বলতে পারি যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই দেশের জন্য দীর্ঘস্থায়ী একটি বাস্তব হুমকি শনাক্ত করেছিলেন এবং তিনি তার মোকাবিলা করেছেন।”

যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে জানতে চাওয়া হলে রুবিও বলেছেন যে তার মনে হয় না যে খুব দ্রুত কোনো বড় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

“প্রেসিডেন্ট সবসময়ই যেকোনো সমস্যা কূটনৈতিক উপায়ে সমাধান করতে পছন্দ করেন; দুর্ভাগ্যবশত, সবসময় তা সম্ভব হয় না। তবে যদি এমন কোনো সুযোগ থাকে, আমরা অবশ্যই তা খতিয়ে দেখব। বর্তমানে এই প্রচেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি, কারণ ইরানের দাবিগুলো কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং কিছু ক্ষেত্রে সেগুলো অত্যন্ত আপত্তিকর, হাস্যকর এবং অবাস্তব”, সাংবাদিকদের বলেছেন রুবিও।

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে নির্বাচন শেষ হওয়ার পর তিনি ইরানের ওপর বড় ধরনের হামলা চালাবেন, তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো বড় সামরিক অভিযানের লক্ষণ দেখা যায়নি।

প্রেসিডেন্ট ট্রাম্পের এ ইঙ্গিতের প্রতিক্রিয়ায় ইরান বলেছিল, মার্কিন বাহিনী সত্যিন নতুন করে হামলা শুরু করে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।

সূত্র : রয়টার্স

aliul / aliul

আমার অভিভাসন-নীতি হয়তো অতিরিক্ত কঠোর ছিল : ট্রাম্প

আলোচনা এগিয়ে চললে ইরানে নতুন হামলার সম্ভাবনা খুবই কম : ট্রাম্প

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ স্বীকার এনডিভিয়া প্রধানের

নীতিগত দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু ‘খুবই সাদৃশ্যপূর্ণ’: ট্রাম্প

ইয়েমেনে সংঘাত : ২৪ ঘণ্টায় ২৬০ জন হুথি ‘নিষ্ক্রিয়’, ৯ সেনা কর্মকর্তা নিহত

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে : শুভেন্দু অধিকারী

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত

হরমুজ প্রণালিতে তিন তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

মোদির সরকারের পতন কবে, জানালেন দীপকে

আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ২১

সানায় সৌদির বিমান হামলায় নিহত বেড়ে ৩৩

এবার সৌদির রাজধানীতে মিসাইল ছুড়ল হুথিরা

সরকারবিরোধী তিন আন্দোলনকারীকে ফাঁসিতে ঝুলালো ইরান