শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামী রোববার থেকে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী মালিকরা কারখানা বন্ধ ঘোষণা করতে পারবে বলে ঘোষণা দিয়েছে পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দুই সংগঠনের নেতারা।
তার আগে চলমান পরিস্থিতি নিয়ে পোশাক শিল্পমালিকরা জরুরি বৈঠক করেন। তাতে এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, দেশের অর্থনীতি এবং রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি আমাদের পোশাক খাত। তবে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাম্প্রতিককালে পোশাকখাতে নিম্নতম মজুরি বিষয়কে কেন্দ্র করে একটি মহল এই শিল্পে বিশৃঙ্খল পরিস্থিতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর ফলশ্রুতিতে বিশেষ করে আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের কিছু শিল্প প্রতিষ্ঠানে গত সাত থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম প্রায়ই বন্ধ আছে। পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানি আয়ের প্রধান খাতটি বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি পর্যালোচনা করলে স্পষ্ট প্রতীয়মান হয় যে, আমাদের সিংহভাগ শ্রমিক ভাইবোনই কাজে যোগ দিতে আন্তরিক এবং তারা শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। তবে অত্যন্ত দুঃখজনক সত্য হল, কারখানার অভ্যন্তরে কিছু সংখ্যক বিপথগামী শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা নিজেরাও কাজ করছেন না এবং অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন।
কারখানার ভেতরে এমন এক ভীতিকর ও অরাজক পরিবেশ তৈরি করা হচ্ছে। ফলে কর্মীরা বাধ্য হয়ে কাজ বন্ধ করে পাঞ্চ করে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। শুধু তাই নয়, কারখানা থেকে বের হওয়ার পর তারা দলবদ্ধভাবে অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইট-পাটকেল বা নানা বস্তু নিক্ষেপ করে এবং সেই কারখানার শ্রমিকদেরও জোরপূর্বক বাইরে বের করে নিয়ে এসে সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।
এসব ঘটনার ফলস্বরূপ বিজিএমইএ এর সদস্যভুক্ত বর্তমানে ১৪৭টি কারখানা তাদের পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে ব্যর্থ হয়ে বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলেও তথ্য দেন মাহমুদ হাসান খান। তিনি বলেন, “এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে একদিকে যেমন আমাদের পোশাক শিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। এমনকি সম্পূর্ণ নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিক উপায়ে কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত নিম্নতম মজুরি বোর্ডও আজ স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না।
“আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধিও স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, এই চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাদের বা কোনো শ্রমিক সংগঠনের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।”
সংকট উত্তরণে শ্রমিক সংগঠনগুলো যে ভূমিকা পালনের চেষ্টা করেছে, তা যথেষ্ট কার্যকরী ছিল না বলেও মত বিজিএমইএ সভাপতির। তিনি বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই সংকট উত্তরণে শ্রমিক সংগঠনগুলো যে ভূমিকা পালনের চেষ্টা করেছে, তা যথেষ্ট কার্যকরী ছিল না। বিশেষ করে, মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ কর্মীদের ওপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না, যা সার্বিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
“আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আজ বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সদস্যরা সবাই মতামত দিয়েছেন, এ মুহূর্ত থেকে কারখানারগুলোর সার্বিক সুরক্ষা নিশ্চিত না করা হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।”
সার্বিক পরিস্থিতি ও শিল্পের সুরক্ষা পর্যালোচনা করে, সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকরা এক কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেও তথ্য দেন তিনি। মাহমুদ হাসান খান বলেন, “সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদন অনুকূল পরিবেশ বজায় না থাকায় এই কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে বাধ্য হবেন।
“আমরা স্পষ্টভাবে বলতে চাই, আশুলিয়া ও সাভার এলাকার এই কারখানাগুলো আমাদের জাতীয় অর্থনীতি এবং রপ্তানি আয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অবদান রেখে আসছে। এই শিল্পগুলোকে রক্ষা করা এবং এর সঙ্গে জড়িত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব।”
সরকার দ্রুততম সময়ের মধ্যে শিল্প অঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং আইনের সার্বিক প্রয়োগে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করবে বলে পোশাক খাতের উদ্যোক্তারা আন্তরিকভাবে আশা প্রকাশ করেন। একইসঙ্গে সংকট থেকে উত্তরণে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য বিজিএমইএ ও বিকেএমইএ একান্তভাবে আহ্বান জানিয়েছে।
মাহমুদ হাসান খান বলেন, “শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের কারণে সাভার, গাজীপুর এলাকার পোশাক কারখানা মালিকেরা কঠিন পরিস্থিতিতে পড়েছেন এবং তারা কারখানা সচল রাখতে পারছেন না। এ সব কারখানার মালিকেরা শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে বিজিএমইএকে জানিয়েছেন।
“ইতোমধ্যে (শনিবার) আলোচ্য ধারা অনুযায়ী ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা কাজ না করায় শনিবার ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কাজ নেই, মজুরিও নেই। শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছে আমাদের।”
রোববার থেকে কতসংখ্যক কারখানা ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ থাকবে সে সংখ্যা না জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “প্রতিদিন একই কারখানায় অসন্তোষ হয় না। ফলে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। তবে শনিবারের ১৪৭টি কারখানার হিসাব বিবেচনায় নিলে এসব কারখানায় শ্রমিক সংখ্যা প্রায় ৩ লাখ।”
শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী, কোনো কারখানা শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হলে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে পারেন। যত দিন কারখানা বন্ধ থাকবে, তত দিনের জন্য শ্রমিকেরা মজুরি পাবেন না।
এর আগে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা বন্ধের ক্ষেত্রে 'নো ওয়ার্ক, নো পে' নীতি কার্যকর থাকে।
অর্থাৎ, এ ধারায় কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকেরা কোনো মজুরি পান না।
সংবাদ সম্মেলনে বিকেএমইএ নির্বাহী সভাপতি হিসেবে ফজলে শামীম এহসানসহ দুই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
aliul / aliul
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান