ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

প্রায় ১৯ মাস পর খুলেছে কুবি, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২১ দুপুর ১:১৭

দীর্ঘ বন্ধের পর অবশেষে খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আবারো মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। লাল-নীল বাসে করে শহর থেকে ক্যাম্পাসের দিকে আসছেন শিক্ষার্থীরা। এ দৃশ্য প্রায় ভুলতে বসেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের ১০ এপ্রিল অন্যান্য বিশ্বদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও (কুবি) তাদের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখে। অবশেষে মহামারী পরিস্থিতি সামলে মঙ্গলবার (২ নভেম্বর) দীর্ঘ ১ বছর ৬ মাস ২৩ দিন পর খুলেছে কুবির শ্রেণি কার্যক্রম।

করোনার বন্ধের পর বিশ্ববিদ্যালয় খোলার দিনে বিভিন্ন বিভাগ তাদের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। এমন‍ই একটি বিভাগ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। তারা  দুপুর ১২টায় মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়ার মাধ্যমে তাদের শ্রেণি কার্যক্রম শুরু করে। এছাড়া স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

মাস্টার্সের বাংলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল হাবিব সশরীরে ক্লাস করার অভিজ্ঞতা বলতে গিয়ে বলেন, ভেবেছিলাম অনলাইনে হয়তো শিক্ষাজীবন শেষ হয়ে যাবে। কিন্তু শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রিয় প্রাঙ্গণে ফিরতে পেরে ভালো লাগছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের একেবারে নবীনতম ১৪তম ব্যাচের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারিয়া আক্তার ভূঁইয়া ব্যক্ত করেছেন তার উচ্ছ্বাস। তিনি বলেন, গত বছরে মাত্র তিন মাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিচরণের সৌভাগ্য হয়েছিল। এরপরই করোনার সংক্রমণ শুরু হয়। বিশ্ববিদ্যালয় জীবনের উপযোগিতাগুলোকে পূর্ণরূপে ব্যবহার করার সুযোগ পাব এখন থেকে।

এদিকে গতকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ, বাবুই চত্বর, সানসেট ভ্যালি, মুক্তমঞ্চ, গোলচত্বরসহ বিভিন্ন স্থান ঘুরে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শহীদ মিনারের রাতের আড্ডা, বিকালে খোলা ক্যাম্পাসে পাখি হয়ে উড়ে বেড়ানো কিংবা রাতে ভিসি টঙে গিটারের সুরে চায়ে মুখ ভেজানো সবই মেতে ওঠেছে আগের মতো। সবাই একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময়ে ব্যস্ত। কেউ বন্ধুর সঙ্গে বসে চা খাচ্ছেন আবার বন্ধুরা মিলে গানের আসর বসিয়েছেন টঙ দোকানে।

দীর্ঘদিন পর শ্রেণি কার্যক্রম শুরু করতে পেরে অধ্যাপক ড. জিএম মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় আমরাও আনন্দিত। চেনা মুখগুলো আবার সরাসরি দেখতে পাচ্ছি, এর চেয়ে ভালো বিষয় আর হয় না। করোনাকালীন বন্ধে যে সেশনজটে শিক্ষার্থীরা পড়েছে, তা কাটিয়ে আবার তাদের নিয়ে এগিয়ে যাব এই আশা রাখি।

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এনএম রবিউল আউয়াল চৌধুরী বলেন, শিক্ষকের পরিচয় শিক্ষার্থীরা৷ তারা আবার আগের মতো ক্লাস করবে, আড্ডা দেবে৷ দীর্ঘদিন বন্ধ থাকায় তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি খেয়াল রেখেই আমরা শ্রেণি কার্যক্রম এগিয়ে নিয়ে যাব।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য পরিবহন সেবা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি, যাতে তারা পূর্বের স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৮১তম সিন্ডিকেট সভায় ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ ও ২ নভেম্বর থেকে সশরীরের শ্রেণি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন।

এমএসএম / জামান

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ডিআইইউ ও পাকিস্তানের ফাস্ট-এনইউসিইএসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

সুইডেনের 'ইউনিভার্সিটি অব গাভলে' সফরে ইবি প্রতিনিধি দল

শেকৃবিতে সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ প্রক্টর ও ট্রেজারারের বিরুদ্ধে

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি

পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?

সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত