ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ঈদের পর কমেছে মাংসের দাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৫-২০২১ দুপুর ৩:১১

রাজধানীর বাজারগুলোতে ঈদের আগে অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগি এবং গরু ও ছাগলের মাংসের দাম কিছুটা কমেছে। শুক্রবার (২১ মে) বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলছেন, চাহিদা কম থাকায় এখন মাংসের দাম কিছুটা কমেছে। সামনে মুরগির দাম আরও কমতে পারে। তবে গরু ও ছাগলের মাংসের দাম কমার সম্ভাবনা কম।


এদিকে মুরগি এবং গরু ও ছাগলের মাংসের দাম কমলেও সবজির দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। সেই সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে চিনি ও সয়াবিন তেল।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা গরুর মাংস বিক্রি করছেন ৫৮০ থেকে ৬০০ টাকা, যা ঈদের আগের দিন ৬৫০ টাকায় উঠেছিল। আর ৯৫০ টাকায় ওঠা খাসির মাংস ৭০০ থেকে ৮৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

অপরদিকে ঈদের আগে ১৬০ টাকায় উঠে যাওয়া ব্রয়লার মুরগির কেজি কমে ১৪০ টাকায় নেমেছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকা, যা ঈদের আগে ৩২০ টাকায় উঠেছিল।

ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে লাল লেয়ার মুরগি। আগের মতো লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়।

গরুর মাংসের দামের বিষয়ে রামপুরার ব্যবসায়ী আশরাফ বলেন, ঈদের আগে চাহিদা বেড়ে যাওয়ায় গরুর মাংসের কেজি ৬৫০ টাকা হয়েছিল। এখন দাম কমে ৫৮০ টাকা হয়েছে। কিন্তু ক্রেতা কম। তবে গরুর মাংসের দাম এর চেয়ে কমার সম্ভাবনা কম।

মালিবাগের ব্যবসায়ী মো. ফিরোজ বলেন, গরুর মাংসের কেজি ৫৮০-৬০০ টাকা সবাই মানিয়ে নিয়েছে। এই দামটাই স্বাভাবিক হয়ে গেছে। তবে ঈদের আগে বাড়তি চাহিদার কারণে দাম বেড়ে গিয়েছিল। এখন আবার আগের দামে ফিরে এসেছে।

মুরগির দামের বিষয়ে খিলগাঁওয়ের ব্যবসায়ী মিলন শেখ বলেন, ঈদের পর ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমেছে। তবে লাল লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। আমাদের ধারণা, লেয়ার মুরগির দাম কয়েকদিনের মধ্যে কমে আসবে। কারণ সোনালি মুরগি ও লেয়ার মুরগির দাম সমান হওয়ায় এখন লেয়ারের চাহিদা কমে গেছে।

এদিকে ঈদের আগে খোলা ও প্যাকেট উভয় ধরনের চিনির দাম বেড়ে যায়। এখন সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি। খোলা চিনির কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৬ টাকা। আর প্যাকেট চিনি বিক্রি হচ্ছে ৭৮ টাকা কেজি।

চিনির মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। খোলা সয়াবিন তেলের কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। আর বোতলের এক লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪৫ টাকা।

এদিকে সবজি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে আগের মতো ফুলকপির পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। এর সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। মানভেদে শসার কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। পটলের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা এবং ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া ঝিঙে আগের মতো ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। এক কেজি কচুরলতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। উস্তের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

সবজির দামের বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী ইদ্রিস ব্যাপারী বলেন, ঈদের পরে সাধারণত সবজির দাম বাড়ে। তবে এবার সেই প্রবণতা দেখা যাচ্ছে না। সবজির দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। তবে কিছুদিন পর সবজির দাম বাড়তে পারে।

রিয়াদ / রিয়াদ

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকায় ফিকির আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর : ইসি মাছউদ

ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগে তাৎক্ষণিক তদন্ত

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা চলছে

পারফরম্যান্স খারাপ হলে মন্ত্রিসভায় রদবদল হতে পারে : উপদেষ্টা