ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ২:৩৪

জুলাই বিপ্লব নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হয়, যা পরবর্তীতে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।

অভিযোগপত্রে সংগঠনটির তিন পদধারী ব্যক্তি স্বাক্ষর করেছেন। তারা হলেন— রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

শনিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাইকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগ যেহেতু সাইবার সংক্রান্ত সেজন্য তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাইবার ইউনিট বরাবর অভিযোগের বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। তারা তদন্ত করবে।

শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা থানায় যান এবং তারা শাওন ও মাহির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

তারা সেই অভিযোগে জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্টের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। পুলিশ সেটি গ্রহণ করেছে। এখন সাইবার বিভাগ তদন্ত করবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে গ্রেপ্তার হতে পারেন শাওনসহ অভিযুক্ত তিন নারী।

এ ব্যাপারে জানতে চাইলে ডিবি দক্ষিণ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মো. তরিকুল ইসলাম জানান, শাহবাগ থানার সেই ফরওয়ার্ডিং চিঠি, আমরা এখনো পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, শাহবাগ থানায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে শুনেছি। অভিযোগটি সাইবার অপরাধ সম্পর্কিত। কিন্তু এখনো এসংক্রান্ত কোনো নথি আমাদের কাছে আসেনি। নথি আসলে আমলে নিয়ে আমরা তদন্ত করবো এবং আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাষ্ট্র সংলাপ ফোরামের দেওয়া সেই অভিযোগপত্রে কি আছে?

অভিযোগপত্রে রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস, ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এই আবেদন করেছেন। 

তারা অভিযোগের আবেদনে লিখেছেন, বিনীত নিবেদন এই যে, ১,৪০০-এর অধিক শহীদ ও ৩০ হাজারের অধিক আহত বিপ্লবী মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও বক্তব্য প্রদান করেছেন।

প্রথমত, শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ/আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম তার ফেসবুক লিংকে প্রকাশ করেছেন বলে দেখা যায়, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

দ্বিতীয়ত, মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তা তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিংকে জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তৃতীয়ত, মাহিয়া মাহী তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিংকে এমন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। যেখানে তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয় করার সঙ্গে তুলনা করেছেন। তার বক্তব্যে আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং অন্যান্য সংশ্লিষ্টদের হেয় করা হয়েছে বলে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অতএব, উপরোক্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট বিনীত আবেদন জানাচ্ছি। আমরা রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে আইনের আওতায় আনার এবং বাংলাদেশের আইন, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

ল’রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন, সম্পাদক মুন্না

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

নতুন মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: রায়ের আগে ট্রাইব্যুনালে আসামি চঞ্চল

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারনা, আইনজীবী শফিক নজরুল রিমান্ডে

মানবতাবিরোধী অপরাধে জিয়াউলের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য