ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নুসরাত ফারিয়া লাপাত্তা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ১০:৫৬

বিরতি ভেঙে আবারও ওটিটি কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘লাপাত্তা’ ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এর গল্পটি কমেডি-থ্রিলার ঘরানার। গতকাল থেকে এর শুটিং শুরু হয়েছে। প্রথম দিনেই শুটিংয়েই অংশ নেন নুসরাত ফারিয়া। পাশাপাশি ছিলেন নাসির উদ্দিন খানও। রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে টানা প্রায় ১০ দিন শুটিং চলবে বলে জানিয়েছেন পরিচালক। 
ওয়েব ফিল্মটিতে ফারিয়ার সঙ্গে আরও অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয়ও। পরিকল্পনা অনুযায়ী আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’। মেহেদী হাসান হৃদয় বলেন, ওয়েব ফিল্মটি হবে মূলত থ্রিলার ঘরানার, সঙ্গে কমেডিও থাকবে। চেষ্টা করছি ভিন্নধর্মী গল্প আর আয়োজনে ভিন্নধাঁচের একটি সিনেমা নির্মাণের। ইতিমধ্যে সব আয়োজন চূড়ান্ত হয়েছে। এর আগেও ওটিটিতে কাজ করেছেন ফারিয়া। তিনি ওটিটি কনটেন্টে প্রথম কাজ করেন ‘যদি কিন্তু তবুও’ নামের একটি ওয়েব ফিল্মে। ২০২১ সালে মুক্তি পাওয়া ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পেয়েছিল ফারিয়া অভিনীত ‘পাতালঘর’। তবে সিনেমাটিতে ফারিয়া অভিনয় করেছিলেন বড়পর্দার সিনেমা হিসেবে। 
পরে পরিকল্পনা পরিবর্তন করে মুক্তি দেওয়া হয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। এদিকে নুসরাত ফারিয়া অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন থ্রি’। গত বছর মুক্তি পেয়েছিল সিনেমাটি। 
গত কুরবানির ঈদে মুক্তি পেয়েছিল ফারিয়ার গাওয়া গান ‘লোকে বলে’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি এই গানের কথা লিখেছেন বাঁধন। গানটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

Aminur / Aminur