ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ১:১

বিশ্বজুড়ে কোটি কোটি গেমারের কাছে পরিচিত নাম ‘পাবজি’। ২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে গেমটি ঘিরে তৈরি হয়েছে বিপুল জনপ্রিয়তা। এবার সেই গেমের জগৎ উঠে আসছে পর্দায়।  

মূলত ‘পাবজি’ অবলম্বনে লাইভ-অ্যাকশন সিরিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স। আর এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলাবেন এমি পুরস্কারজয়ী, হলিউড অভিনেতা ডোনাল্ড গ্লোভার।

সিরিজটির চিত্রনাট্য লিখবেন ডোনাল্ড গ্লোভার ও তার ভাই স্টিফেন গ্লোভার। দুজনই নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত থাকছেন। তাদের সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন নিয়নের মাইকেল শেফার, গিলগার ফ্যাম উডেওর্জি এবং গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ক্রাফটনের তাইসিওক জ্যাং ও সুজিন লি। ডেডলাইনের এক প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ আলোচনার পর সিরিজটির কাজ চূড়ান্ত হয়েছে।

নেটফ্লিক্সই এই প্রকল্পে ডোনাল্ড গ্লোভারকে যুক্ত করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

‘পাবজি’র পুরো নাম ‘প্লেয়ারআননোনস ব্যাটলগ্রাউন্ডস’। ২০১৭ সালে মুক্তির পর গেমটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সাতটি রেকর্ড গড়েছে। ২০২০ সালে গেমটির নির্মাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ক্রাফটন ‘পাবজি’ নিয়ে সিনেমা ও টেলিভিশন সিরিজ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিল।

এদিকে অভিনেতা হিসেবে ‘কমিউনিটি’ ও ‘আটলান্টা’ সিরিজ দিয়ে পরিচিতি পাওয়া ডোনাল্ড গ্লোভার এর আগে তার ভাই স্টিফেনের সঙ্গে ‘আটলান্টা’তে কাজ করেছেন। সিরিজটির নির্মাতা ও প্রধান অভিনেতা ছিলেন ডোনাল্ড। দুজনই এর লেখক ও নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। 

তবে শুধু ‘পাবজি’ নয়, আরও কিছু ভিডিও গেম অবলম্বনে প্রোজেক্ট রয়েছে নেটফ্লিক্সের পরিকল্পনায়। এর মধ্যে আছে ‘অ্যাসাসিনস ক্রিড’–এর লাইভ-অ্যাকশন সিরিজ, ‘গিয়ার্স অব ওয়ার’–এর লাইভ-অ্যাকশন সিনেমা এবং ‘মাইনক্রাফট’, ‘ম্যাজিক: দ্য গ্যাদারিং’ ও ‘ক্ল্যাশ অব ক্ল্যানস’ অবলম্বনে অ্যানিমেটেড সিরিজ। 

aliul / aliul