ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ১১:২৪

জনপ্রিয় তারকা দম্পতি চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা ওমর সানীর দুই সন্তান ফারদীন এহসান স্বাধীন ও ফাইজা আবিহা মৌসুমী। বাবা-মায়ের পরিচয়ের বাইরে দুজনই নিজেদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী জীবন গড়ে তুলছেন।

সম্প্রতি ২৯ অক্টোবর ছিল তাঁদের ছোট মেয়ে ফাইজার জন্মদিন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রে থাকা মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন শুভেচ্ছাবার্তা দিয়েছেন মা মৌসুমী। মেয়েকে নিজের জীবনের সবচেয়ে সুন্দর উপহার, গর্ব ও পৃথিবী হিসেবে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে বাংলাদেশে থাকা বাবা ওমর সানী ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

মৌসুমী ও ওমর সানীর দুই সন্তান ফারদীন এহসান স্বাধীন ও ফাইজা আবিহা
ফাইজা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন। বাংলাদেশে তাঁর ও লেভেল ও এ লেভেল শেষ হয়েছে। ভবিষ্যতে এই বিষয়কে কেন্দ্র করেই নিজের পেশাগত জীবন গড়ে তুলতে চান তিনি।

অন্যদিকে বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রয়েছেন। পড়াশোনা শেষ করে তিনি একটি প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। এর আগে পড়াশোনার পাশাপাশি নির্মাণ ও চলচ্চিত্র প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে এসব ব্যবসার সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই।

ওমর সানী জানিয়েছেন, সন্তানদের পেশা বা ভবিষ্যৎ নিয়ে কখনো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি তিনি ও মৌসুমী। বরং দুজনকেই নিজেদের পছন্দ অনুযায়ী পড়াশোনা ও পেশা বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন।

সন্তানদের প্রতি তাঁদের প্রত্যাশা, দুজনই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক এবং মানুষের উপকারে আসে—এমন জীবন গড়ে তুলুক। অর্থাৎ তারকা দম্পতির দুই সন্তানই এখন দেশের বাইরে নিজেদের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত।

aliul / aliul