ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২৬ দুপুর ৩:২৯

অভিনেত্রী হিসেবে তমা মির্জার পরিচয় দীর্ঘদিনের। তবে জীবনের গণ্ডি শুধু অভিনয়ের মধ্যেই আটকে রাখতে চাননি তিনি। অভিনয়ের পাশাপাশি এবার নতুন এক পরিচয়ে নিজেকে যুক্ত করেছেন এই অভিনেত্রী। প্রায় তিন মাস ধরে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি এবি ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে কাজ শুরু করছেন তমা। রুপালি পর্দার এই পরিচিত মুখটি এখন নিয়মিত অফিস করছেন, সামলাচ্ছেন করপোরেট দুনিয়ার নতুন দায়িত্বও। নতুন এই অধ্যায় নিয়ে বেশ উচ্ছ্বসিত তমা। তাঁর কাছে বিষয়টি শুধু চাকরি নয়, বরং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটি সুযোগ।
নতুন সহকর্মী, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব–সব মিলিয়ে অভিজ্ঞতাটি উপভোগ করছেন তিনি। তমার ভাষায়, ‘নতুন সহকর্মী, নতুন পরিবেশ। নতুন বন্ধুও পেয়েছি। সব মিলিয়ে দারুণ কাটছে।’ অভিনেত্রী থেকে ব্যাংকার। পরিবর্তনটা হয়তো অনেকের কাছে চমকপ্রদ। তবে তমার কাছে এটি জীবনের স্বাভাবিক একটি পর্ব। অভিনয়ের প্রতি ভালোবাসা যেমন আগের মতোই আছে, তেমনি পেশাগত জীবনে নতুন কিছু শেখার আগ্রহও রয়েছে। তাই ব্যাংকের চাকরিকে তিনি দেখছেন নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে।
সামাজিক মাধ্যমে নতুন এই অধ্যায়ের কথা জানিয়ে তমা লিখেছেন, জীবনের একটি নতুন অধ্যায় সবার সঙ্গে ভাগ করে নিতে যাচ্ছেন তিনি। সেখানে নিজের প্রথম ভালোবাসা হিসেবে অভিনয়ের কথাই আগে উল্লেখ করেছেন। জানিয়েছেন, অভিনয়ে তিনি আছেন, থাকবেন এবং সামনে আরও কাজ করবেন। এরপরই জানিয়েছেন নতুন পরিচয়ের কথা। এবি ব্যাংকের ‘ব্র্যান্ড কমিউনিকেশন’ বিভাগে যোগ দেওয়ার খবর। অভিনয়ের পাশাপাশি নতুন এই পেশাতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তবে ব্যাংকার তমা মানেই যে অভিনয়ে বিরতি, এমনটা একেবারেই নয়। বরং দুটি পরিচয়কে সমান্তরালভাবে এগিয়ে নিতে চান তিনি। অভিনয়কে নিজের প্রথম ভালোবাসা উল্লেখ করে তমা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আছি, থাকব, আমৃত্যু কাজ করব ইনশাআল্লাহ।’ তাঁর নতুন কর্মস্থল থেকেও অভিনয় চালিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

আসলে তমার অভিনয়জীবনের ধরনটাই এমন। নিয়মিত পর্দায় দেখা যাওয়ার চেয়ে বেছে বেছে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বছরে একটি কিংবা দুটি সিনেমায় কাজ করলেও চরিত্র ও গল্প নির্বাচনে যথেষ্ট সময় নেন। ফলে অভিনয়ের বাইরে অন্য কিছু করার জন্য তাঁর হাতে সময়ও থাকে। সেই সময়কে কাজে লাগিয়েই এবার করপোরেট জগতের অভিজ্ঞতা নিতে চেয়েছেন।
তাঁর কথায়, ‘আমি খুব বেছে বেছে কাজ করি। বছরে একটা কিংবা দুটো সিনেমায় কাজ করি। জীবনের বাকি সময়টা অন্য কিছু এক্সপ্লোর করতে পারাটা দারুণ একটা সুযোগ। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

‘দাগি’ সিনেমার পর তমাকে ঘিরে দর্শকের আগ্রহও বেড়েছে। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি। এরপর একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব এলেও কোনোটি নিয়ে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এগোননি। পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন, কয়েকটি সিনেমার কাজ চূড়ান্ত পর্যায়েও পৌঁছেছিল। গল্প ও চরিত্র পছন্দ না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেননি।

অবশেষে নতুন সিনেমায় কাজের জন্য প্রস্তুত হয়েছেন তমা। চলতি মাসের শেষ দিকে কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় শুরু হতে পারে ছবিটির শুটিং। ছবিটির প্রাথমিক নাম ‘খলনায়ক’, যদিও পরে নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তমা।
‘দাগি’র পর নতুন ছবিতে ফেরার সিদ্ধান্তটিও তাঁর কাছে বেশ গুরুত্বপূর্ণ। কারণ গল্প ও চরিত্র–দুটিই তাঁকে আকৃষ্ট করেছে। অর্থাৎ সামনে তমার জীবনে দুটি জগৎ পাশাপাশি চলবে। একদিকে লাইট, ক্যামেরা, অ্যাকশন আর অন্যদিকে অফিস, মিটিং, ব্র্যান্ড ও কমিউনিকেশনের করপোরেট জগৎ। অভিনয়ের পরিচিত গণ্ডির বাইরে নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করতেই এই নতুন যাত্রা।

 

Aminur / Aminur