জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ
জিপিএ-৫ পাওয়াকে জীবনের আলটিমেট অর্জন মনে করবেন না। সামনে আরও কঠিন যাত্রা আছে। এখন বিনয়ী হয়ে এক পয়েন্টে চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।
তিনি বলেন, এসএসসির ফলাফল সফলতার শেষ ধাপ নয়; বরং উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার বড় প্রস্তুতির শুরু।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রামের আনোয়ারায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে উপজেলার মমতাজ কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সাইফুদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি রিয়াদুল এরশাদ।
ডাকসু জিএস ফরহাদ বলেন, যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের অনেকেই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সুযোগ নাও পেতে পারে। আবার জিপিএ-৫ না পাওয়া অনেক শিক্ষার্থীও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থান তৈরি করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি প্রতিযোগিতার উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বিশ্ববিদ্যালয়ে আসন সীমিত। তাই এসএসসির ফলাফলকে চূড়ান্ত সাফল্য মনে না করে পরবর্তী ধাপের প্রস্তুতিতে মনোযোগী হতে হবে।
তিনি বলেন, এসএসসির পরের দুই বছর শিক্ষার্থীদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে মূল লক্ষ্য হওয়া উচিত ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল অর্জন করা।
শিক্ষার্থীদের মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করার পরামর্শ দিয়ে ফরহাদ বলেন, লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন হলে অনেক বিষয় থেকে নিজেকে দূরে রাখতে হবে।
পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে ‘ডিপ ফোকাস’-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিকল্পনা ছাড়া শুধু বই খুলে পড়লে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। কখন কী পড়তে হবে এবং কোন অধ্যায় শেষ করতে হবে এসব আগে থেকেই নির্ধারণ করতে হবে।
তিনি নির্দিষ্ট সময় ভাগ করে পড়ার পরামর্শ দেন। ২০, ৩০ কিংবা ৫০ মিনিটের ফোকাস সেশনে পড়াশোনা করলে মনোযোগ ধরে রাখা সহজ হয় বলেও উল্লেখ করেন তিনি।
পড়ার সময় অন্য কোনো চিন্তা মাথায় এলে তাৎক্ষণিকভাবে সেই কাজে ব্যস্ত না হয়ে কাগজে লিখে রাখার পরামর্শ দেন ফরহাদ। এতে মনোযোগ নষ্ট না করে নির্ধারিত সময়ের পড়াশোনা শেষ করা সম্ভব হবে বলে জানান তিনি।
পড়ার পরিবেশ নিয়েও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সম্ভব হলে এমন জায়গায় পড়ার পরামর্শ দেন, যেখানে বাইরের কোনো বিষয় সহজে মনোযোগ নষ্ট করতে না পারে।
শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে ফরহাদ বলেন, ‘থিংক গ্লোবালি, অ্যাক্ট লোকালি।’ অর্থাৎ নিজের অবস্থান থেকে কাজ করলেও চিন্তা ও লক্ষ্য হতে হবে বিশ্বমানের।
তিনি বলেন, পরিবারের আর্থিক সংকট, বাবা কৃষক বা রিকশাচালক হওয়া কিংবা জীবনের নানা প্রতিকূলতা সাফল্যের পথে বাধা নয়। বরং এসব সংকটকে শক্তিতে পরিণত করতে হবে।
জীবনে একজন আদর্শ ব্যক্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ফরহাদ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংকটের মধ্য দিয়েই মানুষ নিজেকে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি ফরমানুর রহমান জাহিন। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান এবং ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের অফিস সম্পাদক সারতাজ আরেফিন ফাহিম। এ ছাড়া আনোয়ারা উপজেলার তত্ত্বাবধায়ক শোয়াইবুল ইসলাম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
aliul / aliul
নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব
বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির
মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তানিকারক সংগঠনের উদ্বেগ
জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ
বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি
দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার
আইন করে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসাসেবা নিশ্চিতের দাবি
বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়েন
শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিন সাপ, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক
জবানবন্দিতে উঠে এল নতুন তথ্য, দুই আসামির ডিএনএ ও ডোপ টেস্ট হবে
উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির গভীর শোক