ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২৬ দুপুর ৩:৫২

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ক্ষেত্রে একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, ‘ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। পাঁচ ধাপে নাকি ছয় ধাপে নির্বাচন হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যত ইউনিয়ন রয়েছে, সেগুলো একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলো আর বাকিগুলো অন্য ধাপে হলো, তাহলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে এবং কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তফসিল ঘোষণার বিষয়ে আখতার আহমেদ বলেন, ‘এ বিষয়টি কমিশন নির্ধারণ করবেন। এটি আমি জানি না।’ স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে তিনি বলেন, ‘পোস্টার থাকবে না যতটুকু জানি। এ ছাড়া কিছু পরিবর্তন এসেছে যেগুলো দেখে বলতে হবে।’
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল এ সপ্তাহে ঘোষণা হবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হবে।’
এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, এই নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। সেটার আইটি সাপোর্টেড যে আপনার পোস্টাল ভোটিং, সেটারও আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি, আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা শিডিউলটা ডিক্লেয়ার করতে পারব। নির্বাচন পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারিখ নির্ধারণ করা হবে।
গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচন পরিচালনা শাখা ইতিমধ্যে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ শুরু করেছে। আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা থাকায় সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।
নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি
জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ ক্ষেত্রে নির্বাচন সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসিসহ (আরএফডি) অন্যান্য অংশীজনের মতামতের ভিত্তিতে একটি সফটওয়্যার প্রস্তুতের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
আজ ইসি সচিব সাংবাদিকদের বলেন, আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তারা একটি প্রতিবেদন দেবে, যার ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে স্বাধীন সাংবাদিকতার ওপর। কিন্তু অতীতে অনেক অপেশাদার এবং দলীয় নেতা কর্মী সাংবাদিক কার্ড নিয়েছে। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এ জন্য একটা স্বচ্ছ প্রক্রিয়া আনা দরকার। নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে এতে পেশাদার সাংবাদিকেরা যেন কার্ড পায় এবং সাংবাদিকেরা স্বাধীনভাবে দায়িত্বপালন করতে পারেন। আমরা নির্বাচন কমিশনকে সে অনুরোধ জানিয়েছি।
এর আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইসি সচিব আখতার আহমদের সভাপতিত্বে অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, ইসির অতিরিক্ত সচিব মো. সামসুল আলম, আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Aminur / Aminur

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে : প্রধানমন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানি খাতে আমাদের ফাঁদে ফেলা হয়েছে: ড. তিতুমীর

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

এসআই আলতাব হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন

বাদ পড়ল পোস্টার, যুক্ত হলো বিলবোর্ড, এআইয়ের অপব্যবহারে কড়া নজরদারি

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি