ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

র‍্যাবের গ্রেপ্তার তিনজনের সংশ্লিষ্টতা মেলেনি, ডিবির হাতে নতুন দুজন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২৬ বিকাল ৫:৪৩

জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় নতুন করে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, গ্রেপ্তার খোকন ও রাজীব মাতব্বরই ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

অন্যদিকে, একই ঘটনায় গত ৩০ আগস্ট র‍্যাব-২ যে তিনজনকে গ্রেপ্তার করেছিল, তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিবি। র‍্যাবের হাতে গ্রেপ্তার রাকিব, পনি ও সেড্রিককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নতুন দুজনকে গ্রেপ্তারের তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্তে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের পর খেজুর বাগানের মুখে রনজিলা ছিনতাইয়ের শিকার হন।

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রনজিলার স্বামী মোহাম্মদ আবদুল মতিন শেরে বাংলা নগর থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সিসিটিভি দেখে নতুন আসামি শনাক্ত

শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা শুরু হয়। পরে ঢাকা ও সাভারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খোকন ও রাজীবকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোলার সদর উপজেলার গজারিয়া এলাকার বাসিন্দা খোকনকে মিরপুরের মনিপুর পশ্চিমপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। ডিবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে বসে রনজিলার ব্যাগে হ্যাঁচকা টান দেওয়ার কথা স্বীকার করেছেন।

খোকনের দেওয়া তথ্য অনুযায়ী, মিরপুর থানার বড়বাগ এলাকা থেকে রনজিলার ছিনতাই হওয়া ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগে তার ব্যবহৃত পোশাক, টিকিটের অংশ, চশমার খাপ ও কিছু ওষুধ ছিল।

পরে মিরপুর-১ এলাকা থেকে রনজিলার মোবাইল ফোনও উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি।

এরপর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাজীব মাতব্বরকে বিরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। ডিবির দাবি, ঘটনার সময় রাজীবই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

রাজীবের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি দিয়াবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়। তার কাছ থেকে ৬২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ডিবি।

ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব জানিয়েছেন, তার বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, চুরি, মারামারি ও দ্রুত বিচার আইনের মামলাসহ আটটি মামলা রয়েছে। আর খোকনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা রয়েছে।

র‍্যাবের গ্রেপ্তার তিনজন জড়িত নন : ডিবি

শফিকুল ইসলাম বলেন, র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রনজিলার মৃত্যুর ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

তিনি বলেন, র‍্যাব যে ব্যক্তিদের গ্রেপ্তার করেছিল, তাদের মধ্যে একজনের বিরুদ্ধে ১২টি মামলা ছিল। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। পরে তদন্তে নিশ্চিত হওয়া যায়, তারা রনজিলা হত্যার ঘটনায় জড়িত নন।

সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে খোকন ও রাজীবকে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ডিবির দাবি, সিসিটিভি ফুটেজে ঘটনার সময় মোটরসাইকেলে দুজনকে দেখা গেছে। রাজীব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং খোকন পেছনে ছিলেন।

ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি রাজীবের নিজের বলে জানিয়েছে ডিবি। এটি ভাড়া করা হয়নি। মোটরসাইকেলের পাশাপাশি খোকনের পরনের শার্ট, হাতে থাকা ঘড়ি ও মাথার ক্যাপও উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি।

র‍্যাবের উদ্ধার করা মোটরসাইকেল নিয়ে অমিল

রনজিলা হত্যার তদন্তে র‍্যাব ও ডিবির বক্তব্যে মোটরসাইকেল নিয়েও পার্থক্য সামনে এসেছে।

শফিকুল ইসলাম বলেন, র‍্যাব তখন ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানিয়েছিল। তবে সিসিটিভি ফুটেজের সঙ্গে সেটি মিলিয়ে দেখার পর পার্থক্য পাওয়া যায়।

তিনি বলেন, ভিডিও ফুটেজে যে মোটরসাইকেল দেখা গেছে, তার রং এবং র‍্যাব যে মোটরসাইকেল উদ্ধার করেছিল, তার রং ভিন্ন।

র‍্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে খোকন ও রাজীবের কোনো যোগাযোগ আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে ডিবির এই কর্মকর্তা বলেন, তদন্তে তাদের মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

তার ভাষ্য, নতুন করে গ্রেপ্তার হওয়া দুজন পশ্চিম মনিপুর এলাকায় থাকেন। আর র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা তেজতুরীপাড়া এলাকার। এরা দুটি ভিন্ন গ্রুপ।

আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের এই মামলায় সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাদের মামলা থেকে বাদ দেওয়া হবে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, তবে তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা থাকলে সেসব মামলায় আইনি প্রক্রিয়া চলবে।

স্বামীর দেওয়া বর্ণনায় শনাক্ত খোকন

ডিবির বক্তব্য অনুযায়ী, রনজিলার স্বামী ঘটনার সময় ছিনতাইকারীকে এক ঝলক দেখেছিলেন। স্ত্রী মারা যাওয়ার পর তার মনে থাকা সেই চেহারার বর্ণনা তদন্তকারীদের জানান। পরে পেছনে থাকা খোকনকে শনাক্ত করা হয়।

শফিকুল ইসলাম বলেন, রনজিলার ব্যাগ, মোবাইল ফোন, পরনের পোশাক, ওষুধ ও টিকিটের অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এসব আলামত ও ভিডিও ফুটেজের সঙ্গে মিলিয়ে দেখলে আপনারাও বিষয়টি বুঝতে পারবেন।

অপরাধ না করেও রিমান্ড ও কারাগারে যেতে হয়েছে

র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া বাইকের মালিক হিসেবে পরিচিত রাকিব হোসেন ওরফে রাকিব বেপারির স্ত্রী সুমাইয়া ইসলাম বলেন, এখন তো প্রমাণ হয়েই গেল প্রকৃত আসামি কে। অপরাধ না করেও যারা গ্রেপ্তার হয়ে জেলে গেল, রিমান্ড খাটল, এটার কী হবে? এই হেনস্তার প্রতিকার কী?

একই প্রতিক্রিয়া জানিয়েছেন মোশাররফ হোসেন পনি গাজী ওরফে প্যারা পনির বড় ভাই রনি।

তিনি বলেন, ঘটনায় জড়িত না হয়েও আমার ভাইসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। আমাদের হেনস্তা করল র‍্যাব। আমরা র‍্যাবের সেই কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

ছিনতাইয়ের টাকায় ২৫০ সিসির মোটরসাইকেল

রনজিলার ব্যাগ ছিনিয়ে নিতে যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল, সেটির মালিক রাজীব বলে জানিয়েছে ডিবি।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ঘটনার পর দিন-রাত অভিযান চালিয়ে খোকন ও রাজীবকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজীব জানিয়েছেন, মোটরসাইকেলটি তার নিজের এবং বিভিন্ন সময়ে ছিনতাই করে পাওয়া টাকা দিয়ে তিনি সেটি কিনেছেন।

তিনি বলেন, এ ধরনের সাধারণ অপরাধীর কাছে ২৫০ সিসির বাইক, এটা ভাবা যায় না। তারা যদি এই বাইক দিয়ে ছিনতাই করে টান দিয়ে পালায়, তাদের তাৎক্ষণিক ধরবে, এমন সাধ্য কার আছে?

তদন্তসংশ্লিষ্ট ওই কর্মকর্তা বলেন, মোটরসাইকেলটি কীভাবে কেনা হয়েছিল এবং এর সঙ্গে ছিনতাইয়ের অর্থের সংশ্লিষ্টতা আছে কি না, তা তদন্তে আরও যাচাই করা হচ্ছে।

aliul / aliul

মেট্রোরেলের পিলারে ফাটল : তদন্তে গাফিলতি মিললেই কঠোর ব্যবস্থা

বাড়ছে বিমানের বহর, বোয়িং-এয়ারবাস থেকে আসছে ২১ উড়োজাহাজ

বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ

বাড়তে পারে তিস্তার পানি, কমবে ব্রহ্মপুত্র-যমুনার

র‍্যাবের গ্রেপ্তার তিনজনের সংশ্লিষ্টতা মেলেনি, ডিবির হাতে নতুন দুজন

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে হেফাজত আমিরের গাড়ি

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া চলমান রয়েছে : সচিব

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি

মক্কায় ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ

লংমার্চ না করে সরকারের সঙ্গে আলোচনায় বসুন : রাশেদ খান

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু : ডিএমপি কমিশনার