ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২৬ দুপুর ১:২৮

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক গাইড ও রেসকিউ টিমের সুবিধা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। 

একইসঙ্গে রাতেও পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সৈকতের পুরো এলাকায় সৌরবিদ্যুতের আলো স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কক্সবাজারে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক পর্যটক যান। বিশেষ করে শুক্রবার ও শনিবার সেখানে কয়েক লাখ মানুষের সমাগম হয়। তবে সমুদ্রসৈকতে গোসলের পর পর্যটকদের ফ্রেশ হওয়ার জন্য প্রয়োজনীয় সুবিধা পর্যাপ্ত নেই।

তিনি বলেন, সৈকতে এমন ব্যবস্থা করা দরকার, যেখানে পর্যটকরা সমুদ্রের পানিতে গোসল করার পর ফ্রেশ ওয়াটারের শাওয়ার নিতে পারবেন। সেখানে পোশাক পরিবর্তনের জন্য চেঞ্জিং রুম ও লকারের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি ক্যাফে বা কফিশপ রাখার পরিকল্পনাও রয়েছে।

পর্যটকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এসব সুবিধার সঙ্গে পর্যটন পুলিশ, পর্যটক গাইড এবং রেসকিউ টিম থাকবে। উদ্ধার কার্যক্রমের প্রয়োজনে চিকিৎসক ও নার্সের ব্যবস্থাও রাখা হবে। সবগুলো সুবিধাকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

কক্সবাজার সৈকতে রাতের আলোর ঘাটতির কথাও তুলে ধরে মন্ত্রী বলেন, সন্ধ্যার পর সৈকতের অনেক জায়গা অন্ধকার হয়ে যায়। তাই অন্তত পুরো সৈকত এলাকায় সৌরবিদ্যুতের আলো স্থাপনের মাধ্যমে রাতেও পর্যটকদের নিরাপদ পরিবেশ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, পর্যটকদের এমন একটি পরিবেশ দিতে হবে, যেখানে তারা সমুদ্রসৈকতে সময় কাটানোর পাশাপাশি গোসলের পর ফ্রেশ হতে, পোশাক পরিবর্তন করতে এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিতে পারেন। এ ধরনের সুযোগ-সুবিধা বাড়ানো গেলে পর্যটকদের আকৃষ্ট করা সহজ হবে।

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ সমুদ্রসৈকতকে কেন্দ্র করে কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করার পরিকল্পনা রয়েছে। নতুন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যতম উদ্দেশ্য বাইরের পর্যটকদের আকৃষ্ট করা।

বাংলাদেশে বিদেশি পর্যটক বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশি পর্যটকরা যেমন মালদ্বীপ, নেপালসহ বিভিন্ন দেশে যাচ্ছেন, তেমনি অন্যান্য দেশের পর্যটকদেরও বাংলাদেশে আসার সুযোগ তৈরি করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা তৈরি করতে হবে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পর্যটকদের জন্য টিকিটে ছাড়সহ বিভিন্ন সুবিধা দিয়েছে। 

সুন্দরবন নিয়েও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সুন্দরবনকে পিপিপি মডেলে উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। এর মাধ্যমে পর্যটকদের জন্য আরও সুযোগ তৈরি করা সম্ভব।

এদিকে আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। এতে বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ৩০০টি বুথে অংশ নিচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদনে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে হোটেল, রিসোর্ট, এয়ারলাইনস, ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, পর্যটন প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন অংশ নিচ্ছে।

মেলায় দর্শনার্থীদের প্রবেশমূল্য ৩০ টাকা। প্রবেশ কুপনের মাধ্যমে র‍্যাফেল ড্রতে অংশ নেওয়া যাবে। এতে এয়ার টিকিটসহ দেশ-বিদেশ ভ্রমণের বিভিন্ন পুরস্কার ও গিফট ভাউচার থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

পর্যটনবিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ পর্যটন শিল্পসংশ্লিষ্টরা।

aliul / aliul

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

ডিজিটাল হচ্ছে টিসিবি, এআই দিয়ে চলবে নজরদারি

ভূমি অফিসে চালু হলো ‘জিও ফেন্সিং’

অনিয়মিত অভিবাসন-মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী

দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসছে ইসি

দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী