অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম
দায়িত্ব পালনের পরিধি বাড়ার পাশাপাশি প্রথমবারের মতো অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত করার স্পষ্ট ক্ষমতা পেয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নতুন আইনের আওতায় এখন থেকে এপিবিএনকে নির্দিষ্ট মামলা তদন্তের জন্য ক্ষমতা দেওয়া যাবে। একই সঙ্গে বাড়তে থাকা সাইবার অপরাধ মোকাবিলায় ইউনিটটিতে সাইবার টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় এপিবিএন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এপিবিএন সদর দপ্তরের ডিআইজি (অ্যাডমিন) ড. মোহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, এপিবিএনের নতুন আইনে তদন্ত পরিচালনার সক্ষমতা দেওয়া হয়েছে। তবে সব ধরনের মামলা এপিবিএন তদন্ত করবে না। সরকার, আদালত বা আইজিপির মাধ্যমে যেসব মামলা এপিবিএনের কাছে ন্যস্ত হবে, সেগুলোই তারা তদন্ত করবে।
গত ১০ সেপ্টেম্বর সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল, ২০২৬’ পাস হয়। এর মধ্য দিয়ে ১৯৭৯ সালের পুরোনো ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ’ বাতিল করে নতুন আইনি কাঠামো করা হয়েছে। নতুন আইনে এপিবিএনের দায়িত্ব ও কার্যপরিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
এপিবিএন জানিয়েছে, নতুন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো তদন্তের ক্ষমতা। এতদিন নির্দিষ্ট কিছু এলাকায় দায়িত্ব পালন করলেও এপিবিএনের নিজস্বভাবে তদন্ত পরিচালনার সুযোগ স্পষ্টভাবে আইনে ছিল না। এখন সরকারের অনুমোদন সাপেক্ষে ন্যস্ত মামলার তদন্ত সরাসরি করতে পারবে বাহিনীটি।
বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত অপরাধের তদন্তে এই ক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছে এপিবিএন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিপুলসংখ্যক মানুষের বসবাসের কারণে জেলা পুলিশের পক্ষে সব এলাকায় সমানভাবে আইনশৃঙ্খলা ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। এ কারণে দীর্ঘদিন ধরে ক্যাম্পের নিরাপত্তায় এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধের ধরন অনেক ক্ষেত্রে সাধারণ এলাকার চেয়ে ভিন্ন। সেখানে মাদক, অস্ত্র, অপহরণ, নারী নির্যাতন, মানবপাচারসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধের তদন্তের জন্য এপিবিএনের সদস্যদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি জানান, নতুন সদস্যদের জন্য সাত দিনের একটি পরিচিতিমূলক প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি তদন্ত সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম ও বিশেষায়িত উপকরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন আইনে সাইবার অপরাধ মোকাবিলায়ও এপিবিএনের জন্য আলাদা সেল বা টিম গঠনের সুযোগ রাখা হয়েছে। দেশে সাইবার অপরাধ বাড়তে থাকায় এপিবিএনের কার্যক্রমে এই নতুন সক্ষমতা যুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।
এপিবিএনের পক্ষ থেকে বলা হয়, বাহিনীর বিভিন্ন ইউনিটে সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা তৈরির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত সাইবার ইউনিট গড়ে তোলা হবে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায়ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সেখানে নজরদারির জন্য ড্রোন, রাতের অন্ধকারে দেখার উপযোগী যন্ত্র ও সিসিটিভি ব্যবস্থার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন আইনে বিমানবন্দর নিরাপত্তা ও বিমানবন্দরে সংঘটিত অপরাধের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। এতদিন বিমানবন্দরে এপিবিএন নিরাপত্তার দায়িত্ব পালন করলেও তাদের আইনগত এখতিয়ার নিয়ে নানা প্রশ্ন ছিল। নতুন আইনে বিমানবন্দরে সংঘটিত অপরাধ তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় এপিবিএনের ভূমিকা স্পষ্ট হয়েছে।
ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, বিমানবন্দরে কোনো অপরাধ সংঘটিত হলে আইন অনুযায়ী এপিবিএন প্রয়োজন মনে করলে সেই মামলার তদন্ত করতে পারবে। তবে সব মামলা এপিবিএন তদন্ত করবে না। বাহিনীর সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় নির্দিষ্ট মামলার দায়িত্ব দেওয়া হবে।
তিনি বলেন, বিমানবন্দরে বিভিন্ন সংস্থা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে। এপিবিএনের সঙ্গে অন্য কোনো বাহিনীর বিরোধ নেই। দায়িত্বের ক্ষেত্রে আইন ও পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতেই কাজ করা হবে।
বিমানবন্দরের নিরাপত্তা ও অপরাধ দমনের ক্ষেত্রে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নীতিমালার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, বিমানবন্দরে অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশের ভূমিকা রয়েছে। নতুন আইনে এপিবিএনের সেই দায়িত্বের আইনগত ভিত্তি আরও স্পষ্ট করা হয়েছে।
এ ছাড়া, প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয়ের বাইরের নিরাপত্তার দায়িত্বও নতুন আইনে এপিবিএনের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে এ ধরনের দায়িত্ব পালন করা হলেও এবার তা আইনগতভাবে অন্তর্ভুক্ত হয়েছে বলে জানান তিনি।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তাকে এপিবিএনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, প্রায় ১৮ লাখ মানুষের নিরাপত্তার বিপরীতে সেখানে এপিবিএনের সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ২০০। এই জনবল অনুপাতের কারণে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে।
জনবল সংকট মোকাবিলায় নতুন একটি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি অন্যান্য ইউনিট থেকেও প্রয়োজন অনুযায়ী জনবল এনে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারের পরিকল্পনা রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও মানবপাচার নিয়েও এপিবিএনের কার্যক্রম তুলে ধরা হয়। ডিআইজি বলেন, ক্যাম্পের ভেতরে ইয়াবা তৈরির কারখানা থাকার তথ্য তারা পাননি। তবে বিভিন্ন পথ ব্যবহার করে মাদক ক্যাম্পে প্রবেশ করে। এ ক্ষেত্রে ক্যাম্পের ভেতর ও বাইরে মাদক সরবরাহের নেটওয়ার্ক শনাক্তে কাজ চলছে।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে ইতোমধ্যে অবৈধভাবে ওষুধ তৈরি ও সরবরাহের ঘটনায় অভিযান চালানো হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট তৈরিতে সহযোগিতাকারীদের শনাক্তেও কাজ চলছে।
এপিবিএন জানিয়েছে, নতুন আইনের পর বাহিনীর দায়িত্ব পালনের জন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা করা হয়েছে। তদন্ত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি, প্রশিক্ষণ, জনবল ও বিশেষায়িত সরঞ্জামের ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, এপিবিএন পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। প্রয়োজন ছাড়া সাধারণ পুলিশিংয়ে যুক্ত না হয়ে নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোযোগ দেওয়া হবে। বিশেষ করে রোহিঙ্গা এলাকা, বিমানবন্দর, পার্বত্য অঞ্চল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাহিনীর সক্ষমতা আরও বাড়ানো হবে।
এপিবিএনের তথ্য অনুযায়ী, নতুন আইনে তদন্তের ক্ষমতা যুক্ত হওয়ার ফলে বাহিনীটির কার্যক্রমে বড় ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। তবে সেই ক্ষমতা প্রয়োগ হবে নির্দিষ্ট মামলা ও আইনগত প্রক্রিয়ার ভিত্তিতে। তদন্তের মান নিশ্চিত করতে প্রশিক্ষিত জনবল তৈরির পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার কাজও চলছে।
aliul / aliul
সাভারে নিহত এসআই আলতাফের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি
জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ধর্ম ব্যবসার বিরুদ্ধে : আইনমন্ত্রী
ডেঙ্গুতে সাতদিনে ৩৩ জনের মৃত্যু
বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির ডেঙ্গু প্রতিরোধ অভিযান
আগস্টে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ৮০০, উদ্ধার সাড়ে ৯ কোটি টাকার স্বর্ণ
অপরাধের পূর্ণাঙ্গ তদন্তে এপিবিএন, যুক্ত হচ্ছে সাইবার টিম
সাবেক এসএসএফ মহাপরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, খেলনা পিস্তল ও ডিবি জ্যাকেটসহ গ্রেপ্তার ৬
হালদা-কর্ণফুলীতে সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ
রাতের মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
ইতালি পাচারকালে ৮ বাংলাদেশির মৃত্যু, চক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার