ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ফুলকলির দূষণ নিয়ে ‘ভুল তথ্য’, বিএনপি নেতাকে শাসালেন এমপি এনাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ বিকাল ৬:৩২

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মিষ্টি ও খাদ্যজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুলকলি ফ্যাক্টরির দূষণ নিয়ে সংসদ সদস্য এনামুল হক এনামকে ‘ভুল তথ্য’ দেওয়ার অভিযোগে এক বিএনপি নেতাকে শাসিয়েছেন তিনি। ওই নেতা হলেন জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিমউদ্দিন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাইখাইন এলাকায় ফুলকলি ফ্যাক্টরির দূষণ পরিস্থিতি দেখতে যান সংসদ সদস্য এনামুল হক এনাম। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের কাছে কারখানাটির বর্জ্য, দুর্গন্ধ ও পরিবেশ দূষণের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চান। স্থানীয়রা অভিযোগ করেন, কারখানাটিকে ঘিরে এখনো দুর্গন্ধ ও পরিবেশ দূষণের সমস্যা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ শোনার পর সেখানে উপস্থিত বিএনপি নেতা সেলিমউদ্দিনের কাছেও বিষয়টি জানতে চান এমপি এনাম। একপর্যায়ে তাকে উদ্দেশ করে তিনি বলেন, তুমি তো দুর্গন্ধ নেই বলেছিলে। তোমার স্বার্থ বড় নাকি জনগণের স্বার্থ বড়? তুমি ভিন্ন কথা (ভুল তথ্য) বলেছিলে কেন?

জানা গেছে, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় নাইখাইন এলাকায় গিয়ে ফুলকলি ফ্যাক্টরির দূষণ ও তীব্র দুর্গন্ধের বিষয়ে স্থানীয়দের অভিযোগ শুনেছিলেন এনামুল হক এনাম। নির্বাচিত হওয়ার পরও তিনি একাধিকবার ফ্যাক্টরি ও আশপাশের এলাকা পরিদর্শন করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তিনি কারখানাটি পরিদর্শন করে দূষণ ও দুর্গন্ধের সমস্যা সমাধানে সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

এ ছাড়া গত মে মাসে ফুলকলি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে দূষিত বর্জ্য ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করে। ওই সময় এমপি এনামুল হক এনামও কারখানাটি পরিদর্শন করেন এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য ইটিপি চালুর বিষয়ে নির্দেশনা দেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফুলকলি ফ্যাক্টরির বর্জ্য ‘সার্জেন্ট মহি আলম খালে’ পড়ার কারণে খালের পানি দূষিত হচ্ছে। এতে আশপাশের কৃষিজমি ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও অভিযোগ করেন তারা।

এর আগে ২০১৯ সালে ইটিপি অকার্যকর রেখে অপরিশোধিত তরল বর্জ্য খালে ফেলার অভিযোগে পরিবেশ অধিদপ্তর ফুলকলি ফ্যাক্টরিকে ১০ লাখ টাকা জরিমানা করেছিল।

তবে স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে দীর্ঘদিন ধরে কারখানাটির বিরুদ্ধে ওঠা অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি নেতা সেলিমউদ্দিনেরও সম্পৃক্ততা রয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা সেলিমউদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

অন্যদিকে, পটিয়া ফুলকলি ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিনের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি প্রশ্ন শোনার পর কথা না বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

aliul / aliul

সব ধর্মের মানুষের জন্য সেফ সিটি গড়তে চাই : ডা. শাহাদাত

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ

বন্ধ কাফকোর রাসায়নিক বর্জ্যে নিধন হচ্ছে মাছ, দিশেহারা চাষিরা

ফুলকলির দূষণ নিয়ে ‘ভুল তথ্য’, বিএনপি নেতাকে শাসালেন এমপি এনাম

৭০ হাজার টাকা নিয়ে বিরোধ, স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৭

তেজগাঁও মসজিদে চলছিল গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন গ্রেপ্তার

মালিবাগে ককটেল বিস্ফোরণ

ব্যাগে স্বর্ণের পেস্ট ও পকেটে ৩৫টি গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে উঠলেন ফুটপাতে থাকা গোলাপি বেগম