আট বছর পর রাজেশের সুরে আসিফ
বাংলা গানের অন্যতম সফল সুরকার-গায়ক জুটি রাজেশ ঘোষ ও আসিফ আকবর। একটা সময় দেশের অডিও ইন্ডাস্ট্রি মাতিয়েছেন তারা। রাজেশের সুরে একের পর এক সুপারহিট গান গেয়েছেন আসিফ। বলতে গেলে, শিল্পীর শ্রোতাপ্রিয় গানগুলোর বড় অংশই রাজেশের সুরে।
সেই নন্দিত জুটি ফের এক হলেন। দীর্ঘ আট বছর পর রাজেশের সুরে গাইলেন আসিফ। শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সুখবরটি জানিয়েছেন রাজেশ।
তিনি বলেন, ‘সর্বশেষ ২০১৮ সালে আসিফ ভাইয়ের সঙ্গে গান করেছিলাম। দীর্ঘ আট বছর পর আমরা একসঙ্গে করলাম। এটা আসলে একটা বিশেষ প্রজেক্টের গান। পুরো প্রজেক্টের কাজ শেষ হলেই বিস্তারিত জানানো যাবে। তবে এটুকু বলতে পারি, আসিফ ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। তিনিও আমাকে সম্মান করেন, ভালোবাসেন। ফলে, তার সঙ্গে গান করার অভিজ্ঞতা বরাবরই দারুণ।’
রাজেশ জানান, নতুন গানটির কথা ও সুর তারই। সংগীতায়োজনে মুশফিক লিটু। গানটি আসবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে।
রাজেশের সুরে আসিফের গানের খবর শুনে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। প্রিয় জুটিকে ফের এক হতে দেখে তাদের আনন্দ যেন বাধ মানছে না। তবে গানটি শোনার জন্য কিছুদিন অপেক্ষা করতেই হবে।
উল্লেখ্য, ২০০০ সালের দিকে আসিফ আকবরের সঙ্গে পরিচয় ঘটে রাজেশের। বছর খানেক পরই তারা গান শুরু করেন। প্রদীপ সাহার কথায়, আর রাজেশের সুরে আসিফ গাইতে থাকেন একের পর এক গান। সেগুলো ছুঁয়ে ফেলে জনপ্রিয়তার আকাশ। রাজেশের সুরে আসিফের জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—‘একাকী গভীর রাতে’, ‘ও পাষাণী’, ‘বিদায় বন্ধু’, ‘বাঁচব না’, ‘মেঘে মেঘে’, ‘ঝড় উঠেছে’, ‘কখনো কখনো ইচ্ছের বাইরেও’, ‘ডানা ভাঙা পাখির মতো’ ইত্যাদি।
aliul / aliul
আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়
ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর