ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন তার উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ৩:২৫

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ হিসেবে ব্যয় সাশ্রয় ও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা জানিয়েছেন তার তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জানান, প্রাথমিকভাবে সফরটা দীর্ঘ ছিল। পরে তিনি (প্রধানমন্ত্রী) এটা সংক্ষিপ্ত করেন। কারণ দীর্ঘ সফরের চেয়ে কম সময়ের সফর ব্যয় সাশ্রয়ী। আপনারা খেয়াল করবেন খুব ছোট একটা দল নিয়ে তিনি সফরে গেছেন। একই সঙ্গে দেশ নানানরকম ভাবে কিছু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে দেশে থাকা তার জন্য নিশ্চয়ই আরও বেটার প্রায়োরিটি।

তিনি বলেন, সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কোনো কথা তারা এখনও জানেন না।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় কিছু দুই একটা ককটেল ফুটেছে, বাসে আগুন লেগেছে, এগুলো করে আসলে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক কোনো সংকট আমরা দেখছি না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবেন, এটা মেনে নিয়েই আসলে রাজনীতি করা উচিত।

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপি গাজী নজরুল ইসলামের সদস্যপদ প্রসঙ্গে জাহেদ উর রহমান জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা দলের বিরুদ্ধে ভোট দিলে তার সদস্যপদ নিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে গাজী নজরুল ইসলাম দল থেকে পদত্যাগ করেননি, তাকে বহিষ্কার করা হয়েছে। এ কারণে তিনি এখনো সংসদ সদস্য রয়েছেন।

জাহেদ উর রহমান বলেন, অসদাচরণের অভিযোগের সদস্যপদ যাওয়ার সুযোগ রয়েছে, তবে সেটি একটি প্রক্রিয়াগত বিষয়। একই সঙ্গে নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছর বা তার বেশি সাজা হলে সংসদ সদস্যপদ নিয়ে নতুন করে সাংবিধানিক প্রশ্ন তৈরি হতে পারে। 

ফাঁসির রায় কার্যকর হতে দীর্ঘ সময় লাগার বিষয়ে জাহেদ উর রহমান জানান, বিচার বিভাগ রাষ্ট্রের একটি স্বাধীন বিভাগ। কোনো মামলার বিচারিক প্রক্রিয়া বা ফাঁসি কার্যকরে বিলম্বের বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ইতোমধ্যে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

৪ দিনের সফর শেষে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ইকে-২০২ ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২৭ সেপ্টেম্বর তার ঢাকায় পৌঁছানোর কথা।

aliul / aliul

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন তার উপদেষ্টা

রোহিঙ্গা সংকট ও বঙ্গোপসাগরে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগের আহ্বান

ফ্রান্স আন্তর্জাতিক বিষয়গুলোকে পরস্পরবিরোধী জোটের সংঘাত হিসেবে দেখে না

দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা জোরদারের আহ্বান