বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে যায় ১১ বছরের শিশু মো. আব্দুল্লাহ। এরপর সাত দিন ধরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পর তাকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শিশু আব্দুল্লাহর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নিয়াজ মেহেদী।
তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে হাজারীবাগ থানার ঝাউচর বাজার এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় আব্দুল্লাহ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৪ সেপ্টেম্বর হাজারীবাগ থানায় নিখোঁজ জিডি করেন তার পরিবারের সদস্যরা।
জিডির তদন্তভার দেওয়া হয় হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল হাইয়ের ওপর। তদন্তে নেমে তিনি শিশুটির বাসা থেকে বের হওয়ার পর সম্ভাব্য গমনপথের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেন।
সিসি ক্যামেরার ফুটেজ অনুসরণ করে পুলিশ দেখতে পায়, আব্দুল্লাহ নিজেই বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে হাজারীবাগ বাজারের লেগুনা স্ট্যান্ডে যায়। সেখান থেকে লেগুনায় করে গুলিস্তানে যায়। পরে বাসে করে ঢাকার বিমানবন্দর এলাকায় পৌঁছে।
পুলিশের তথ্যমতে, বিমানবন্দর রেলস্টেশনে গিয়ে আব্দুল্লাহ পথশিশুদের সঙ্গে খেলাধুলা করে, পুকুরে গোসল করে এবং স্টেশনের আশপাশের দোকানে চেয়ে কলা, রুটি ও অন্যান্য খাবার খেয়ে দিন কাটায়। পরে সে নিজেই ট্রেনে করে কমলাপুর রেলস্টেশন ও টঙ্গী রেলস্টেশনে যায়।
তদন্তের এক পর্যায়ে তথ্য পেয়ে পুলিশ টঙ্গী রেলস্টেশনের পাশে শিশুটির অবস্থান শনাক্ত করে। পরে সেখানে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আব্দুল্লাহকে হাজারীবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নেওয়া হয়। সেখানে তার শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানায়, নিখোঁজ হওয়ার দিন সকালে পড়ালেখার বিষয় নিয়ে তার বাবা তাকে বকাঝকা করেন। এতে রাগ করে সে বিকেলে কাউকে কিছু না বলে নিজেই বাসা থেকে বের হয়ে যায়।
পুলিশ আরও জানায়, এর আগেও প্রায় দুই মাস আগে একইভাবে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গিয়েছিল আব্দুল্লাহ। পরে জানা যায়, সে একাই মুন্সিগঞ্জে তার চাচার গ্রামের বাড়িতে চলে যায়। এ নিয়ে মোট তিনবার নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে তার।
পুলিশ জানিয়েছে, আব্দুল্লাহ নিখোঁজ হওয়ার ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় হাজারীবাগ থানার জিডি নম্বর-১৩১১, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬ মূলে তাকে তার বাবা মো. আমজাদ শেখের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।
aliul / aliul
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন
পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন তার উপদেষ্টা
রোহিঙ্গা সংকট ও বঙ্গোপসাগরে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগের আহ্বান