ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মুগ্ধতায় ভাসলেন তটিনী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৬ দুপুর ৪:২৭

বিয়ের আগে নিজের জীবনের বাস্তবতা ও দায়িত্বের কথা স্পষ্ট করে জানিয়েছিলেন অপূর্ব। তাঁর সেই সততাই মুগ্ধ করে তটিনীকে। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘তুমি এসেছিলে বলে’ শিরোনামের নতুন নাটক। প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্ট নির্মাণ করেছে নাটকটি। রুবেল হাসানের পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তটিনী। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। গল্পে অপূর্বকে দেখা যাবে একটি যৌথ পরিবারের বড় ছেলের চরিত্রে। বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। সকাল থেকে অফিস, এরপর পরিবারের নানা সমস্যা সামলানো-এভাবেই কাটে তাঁর জীবন। ফলে বিয়ে নিয়ে কোনো আগ্রহ নেই তাঁর। তবে একসময় মায়ের জোরাজুরিতে বিয়েতে রাজি হতে বাধ্য হন। অন্যদিকে পাত্রী মেহরিনের (তটিনী) সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনই নিজের জীবনের বাস্তবতা স্পষ্ট করে দেন অপূর্ব। তিনি মেহরিনকে বলেন, ‘আমি আপনাকে সুখের স্বপ্ন দেখাতে পারব না। আমার জীবন খুব সাধারণ নয়। আমার একটা সংসার আছে, অনেক দায়িত্ব আছে। আপনি যদি আমার জীবনে আসেন, আপনাকে আমার জীবনের একটা অংশ নয়, পুরো বাস্তবতাটাই গ্রহণ করতে হবে।’ অপূর্বর এ সততাই মেহরিনকে মুগ্ধ করে। নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এটি পুরোপুরি একটি পারিবারিক গল্পের নাটক। একটি যৌথ পরিবারের টানাপোড়েন দর্শক এ নাটকের গল্পে দেখতে পাবেন। আমাদের চারপাশে অনেক পরিবার আছে, বাইরে থেকে দেখতে সুন্দর। কিন্তু ভিতরের খবর কেউ জানে না। এটি সে রকমই একটি গল্পের নাটক।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠুসহ অনেকে।

 

শান্তা / শান্তা