রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
কেমন আছেন?
কাজ নিয়ে এখন বেশ আছি। বলতে পারেন ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে।
তাহলে ব্যস্ততা কী নিয়ে শুনি?
ঠিক আছে, এই যে এখন আমি আমার গ্রামের বাড়ি বিক্রমপুরে চ্যানেল আইয়ের জন্য নির্মাণাধীন ‘রিটার্ন অব দ্য ডেঞ্জারম্যান’ ১১ পর্বের এই ধারাবাহিকের শুটিং করছি। এটি আমি পরিচালনা করছি। পাশাপাশি এতে মূল চরিত্র ‘ডেঞ্জারম্যান’-এর ভূমিকায় গোয়েন্দা কর্মকর্তা চরিত্রে অভিনয়ও করছি।
ধারাবাহিকটি সম্পর্কে জানতে চাই-
২৩ বছর আগে চ্যানেল আইতে ‘ডেঞ্জারম্যান’ শিরোনামে একটি ধারাবাহিক প্রচার ও প্রশংসিত হয়। সেটি আমি নির্মাণ করেছি এবং মূল চরিত্রে অভিনয় করি। ধারাবাহিকটি অ্যাডভেঞ্চার, থ্রিলার ও অ্যাকশন ঘরানার। দীর্ঘ সময় পর চ্যানেলটি আবার এর সিক্যুয়েল নির্মাণ এবং মূল চরিত্রে অভিনয়ের জন্য আমাকে প্রস্তাব দিলে কাজ শুরু করি। এর মূল শুটিং হয় শেরপুরে। এখন বিক্রমপুরের বনজঙ্গলে শুটিং করছি।
এ ছাড়া ব্যস্ততার পরিধি আর কতটা বিস্তৃত?
এই যে, আগামী পহেলা অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর প্রচার হবে ‘চেনা মুখ’ অনুষ্ঠানের বিশেষ পর্ব ‘ডিজিটাল নবাব’। এতে নাম ভূমিকায় নবাব ফয়জুদ্দৌলা চরিত্রে অভিনয় করেছি। এ ছাড়া আরটিভির রিয়েলিটি শো ‘ইয়ং স্টার-সিজন টু’ এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছি। একই সঙ্গে নতুন গান ও উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় কাটছে। ‘বৃষ্টি এলো’, ‘দুনিয়াটা মেলা’, ‘সন্ধ্যা মালা’, ‘মাধুরী’সহ কয়েকটি নতুন গানের কাজ শেষ করেছি। গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ হবে। এই তো, এভাবেই নানা ব্যস্ততায় কেটে যাচ্ছে আমার বর্তমান সুন্দর সময়গুলো।
এবার অন্য প্রসঙ্গে আসি। দীর্ঘদিন ধরে রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি বিক্রমপুরে বসবাস করছেন, কেন?
আসলে গ্রামের ঝামেলামুক্ত ও পরিচ্ছন্ন জীবন অনেক শান্তি এনে দেয়। এই জীবনে একটা আলাদা শান্তি আছে। অন্যরকম সুখ আছে। এই জীবন যে যাপন করেনি, সে বুঝবে না। এর পেছনে একটি ঘটনার কথা বলি, ১৯৮৫ সাল। আব্বার মৃত্যুর পর গ্রামের বাড়িতে চল্লিশা হয়েছিল। ওই সময় বাড়িতে আসার পর কী যেন হলো, খুব ভালো লেগে গেল। মন বলল-তুমি আসো না কেন? বেশি বেশি আসো না কেন? মাকে খুলে বললাম। মাকে বললাম, একটা ঘর করে দাও। মা বললেন, ‘সত্যি সত্যি আসবি?’ এরপর একটা টিনশেড বিল্ডিং করা হলো আমার জন্য। তারপর ধীরে ধীরে গ্রামের প্রতি ভালোবাসা বাড়তে শুরু করল। ১০ বছর ধরে গ্রামে বেশি বেশি যাতায়াত করছি, বেশি করে থাকছি। সাত বছর ধরে নিয়মিত থাকছি। তিনতলা বাংলো বাড়ি করেছি। শ্রীনগর থানার দক্ষিণ পাইকশা গ্রামটি আমার। এটা আমার বাপ-দাদার ভিটা। প্রকৃতির কাছাকাছি থাকছি। মন বসে গেছে। কোনো মানুষ যদি মনে করে ভালো থাকবে, ঝামেলামুক্ত থাকবে, তাহলে গ্রামে বাস করতে পারে। সে জন্যই বলি, আমি অনেক ভালো আছি। বাড়ির কাছে ইছামতী নদী। পদ্মা নদীও বেশি দূরে নয়। নদী আমার অনেক আপন, অনেক প্রিয়। মন চাইলেই নৌকায় চলে যাই। পানির ওপর ভেসে বেড়াই। নৌকায় খাওয়াদাওয়া করি। ওখানেই রান্না হয়। প্রকৃতির মাঝে থাকার মতো সুখ আর নেই। জীবনকে জানার জন্য, জীবনকে ভাবার জন্য এই কাজটি করি। গ্রামই বেশি ভালো লাগে। শহর আমার ভালো লাগে না। গ্রামের মানুষের জীবন, প্রকৃতি, নদী, নদীর ঢেউ, পাখির ডাক, জোছনা, দিনের আলো, সন্ধ্যায় ঝিঁঝিঁর ডাক-সবই আমাকে আকর্ষণ করে এবং মুগ্ধ করে। সেজন্য শহরের চেয়ে গ্রামের জীবনে বেশি টানে।
এ ছাড়া আর কীভাবে সময় কাটান?
নানারকম বই পড়ি। ইতিহাসের বই বেশি পড়ি, ধর্মীয় বইও পড়ি। রাত আমার আকাশ জানার, আকাশ দেখার সময়। মাঝে মাঝে নস্টালজিক হয়ে পড়ি। ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়ে। অনেক বন্ধু দূরে চলে গেছে। কিন্তু নতুন মানুষ এখানে আসা-যাওয়া করে। এটাও কম কী।
আপনি একজন জনপ্রিয় শিল্পী, মানুষ আপনার কতটা কাছাকাছি আসে?
প্রচুর মানুষ আমার কাছে আসে। আমার বাড়ির দুই পাশে ৭০-৮০টি পরিবার আছে। তারা আসে। গ্রামের অনেকেই আসে। মানুষের ওঠা-বসা আছেই। এতে খুব ভালো লাগে। তবে একটি কথা না বললেই নয়। যেসব মানুষ আর্থিকভাবে অসচ্ছল, তাদের সঙ্গে মিশে বেশি আনন্দ পাই। তাদের সঙ্গে আমার সম্পর্কটা বেশি। আমার বাড়িতে ব্লাডপ্রেশার মাপার যন্ত্র আছে, ডায়াবেটিস পরীক্ষা করার যন্ত্র আছে। আর্থিকভাবে যারা দুর্বল, তাদের এসব জিনিস দিই পরীক্ষা করার জন্য।
দীর্ঘ শিল্পী জীবনে অপ্রাপ্তি কাজ করে কি?
মানুষের ভালোবাসা যেভাবে পেয়েছি, আর কী চাই। এখনো মানুষ আমাকে ভালোবাসে। জাতীয় পুরস্কার পাইনি, পাওয়ার আকাক্সক্ষাও নেই। এত বেশি সম্মান পেয়েছি এবং এখনো পাচ্ছি, তা কম কী? বিক্রমপুরের মানুষ আমাকে অনেক ভালোবাসে। বিক্রমপুরের প্রশাসন আমাকে পছন্দ করে। সারা দেশের মানুষ আমাকে ভালোবাসে। প্রবাসী ভাইয়েরাও ভালোবাসে। গণমানুষের ভালোবাসা পাচ্ছি, এটাই বড় পাওয়া। আর কী চাই।
শান্তা / শান্তা
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
মুগ্ধতায় ভাসলেন তটিনী
ছবি তোলার নামে এ কী! ক্ষোভ ঝাড়লেন সালমান
উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
ফের একসঙ্গে মোশাররফ ও ফারুক
মিমির বর নয়, বিয়ের খাবার নিয়েই আগ্রহ সৃজিতের