ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২৬ বিকাল ৫:৪৫

বাংলা গানের বিস্ময় কবীর সুমন। ভারতের পশ্চিমবঙ্গের মানুষ তিনি। তবে বাংলাদেশের সঙ্গে তার আত্মার যোগাযোগ। বহুবার এই দেশে এসে গান করেছেন। তবে এবার তাকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ গানের আসর ‘হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে’।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর বনানীতে বাটারনোট জ্যাজ ক্যাফেতে অনুষ্ঠিত হবে এটি। এতে সুমনকে শ্রদ্ধা জানিয়ে গাইবেন অটামনাল মুন, রেজাউল করিম লিমন ও নাহিদ হাসান। আর এই আসরের খবর পৌঁছেছে খোদ ‘গানওলা’র কাছে। তাই কলকাতা থেকেই পাঠালেন বিশেষ বার্তা।

ভিডিও বার্তায় কবীর সুমন বলেন, ‘মুন, লিমন ও নাহিদ এরা আমাকে সম্মান জানিয়ে গান পরিবেশন করবেন, মনে হচ্ছে আমারই গান গাইবেন। কী বলব, ভেবে পাচ্ছি না। কেননা এরকম ঘটনা তো বেশি ঘটে না। আমার এখন ৭৮ বছর বয়স চলছে। এরকম ঘটনা খুব বেশি ঘটে না। যদি ঘটে, অবাক লাগে।’

বাংলাদেশ এবং এই আয়োজনের প্রতি ভালোবাসা জানিয়ে কিংবদন্তি এ শিল্পী বলেন, ‘আমি জানি, বাংলাদেশের অনেকেই আমার গান পছন্দ করেন, আমাকেও অপছন্দ করেন না। আমি অভিভূত। আমার সম্মান, ভালোবাসা, আদর, এদের সকলের জন্য রইল। এবং বাংলাদেশের সকলের জন্য রইল আমার প্রীতি, শুভেচ্ছা, সালাম। এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক।’  

অনুষ্ঠানটির আয়োজন করছে আজব কারখানা। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে আসর। এ আয়োজনে দুই ধরনের টিকিট থাকছে। অগ্রিম সংগ্রহ করলে দাম পড়বে ৭০০ টাকা। আর যারা অনুষ্ঠানের দিন ভেন্যুতে গিয়ে টিকিট নেবেন, তাদের গুনতে হবে ১ হাজার টাকা। টিকিট সংশ্লিষ্ট তথ্য মিলবে আজব কারখানার ফেসবুক পেজে।

aliul / aliul