দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত পদক্ষেপ ঘিরে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভ থেকে দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ কয়েকজন সংসদ সদস্যকে ফের আটক করা হয়েছে। বুধবার নয়াদিল্লির যন্তর-মন্তর চত্বরের বিক্ষোভ থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ ওই সংসদ সদস্যদের আটক করা হয়েছে। এ নিয়ে টানা দু’দিনে তৃতীয়বারের মতো রাহুল গান্ধীকে আটক করলো দিল্লি পুলিশ।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে থাকা অন্য আন্দোলনকারীরাও ছাড় পাননি। পুলিশ তাদের ধরে ধরে বাসে তুলছিল এবং সরিয়ে নিচ্ছিল। এলাকা ছাড়ার বিষয়ে পুলিশের আহ্বান উপেক্ষা করে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় বসে বিক্ষোভ চালিয়ে যান।
এর আগে, মঙ্গলবারও দেশটির নির্বাচন কমিশনের সদরদপ্তরে যাওয়ার পথে তাদের বাধা দেওয়া হয়। তখন আকাশবাণী ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোটের সংসদ সদস্য ও রাজনীতিকরা। পরে সেখান থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে হেফাজতে নেয় পুলিশ।
এনডিটিভি বলেছে, বুধবার যন্তর মন্তরে বিক্ষোভ করার চেষ্টা করায় ফের তাদের আটক করা হয়। দিল্লি পুলিশ বলেছে, যন্তর মন্তরে বিক্ষোভের জন্য কংগ্রেস কিংবা অন্যান্য রাজনীতিক দলগুলো পুলিশের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেয়নি। মধ্য-দিল্লির একটি রেস্তোরাঁয় দুপুরের খাবারের পর রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ সংসদ সদস্যরা যন্তর মন্তরের দিকে রওনা হন। কিন্তু পুলিশ তাদের পথ আটকে দেয়।
এ সময় প্রথমে রাহুল গান্ধীসহ শীর্ষ নেতাদের বাসে তুলে বসিয়ে দেয় পুলিশ। পরে পুলিশের সদস্যরা বাকিদের আটকের চেষ্টা করায় ইনডিয়া জোটের নেতারা বাস থেকে নেমে আবারও রাস্তায় বসে পড়েন।
পুলিশ সরে যেতে বললেও রাহুল ও প্রিয়াঙ্কা রাস্তায় বসে থাকেন। প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় শুয়ে পড়ে পুলিশকে চ্যালেঞ্জ করেন তাকে সরিয়ে দেখানোর জন্য। শেষ পর্যন্ত পুলিশ ভাই-বোন দু’জনকে টেনে-হিঁচড়ে বাসে তোলে।
দিনভর নানা নাটকের পর দিল্লির জনপথের সাগর রত্ন রেস্তোরাঁয় ইনডিয়া জোটের নেতারা আবারও জড়ো হন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আমন্ত্রণে এই বৈঠক করেন তারা। ভোট চুরি নিয়ে প্রতিবাদ জোরদার করা এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আদায়ে পরবর্তী করণীয় ঠিক করতে ওই আলোচনা হয়।
বৈঠকে গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেন খাড়গে। তিনি বলেন, বিরোধী দলগুলো এই ভোট চুরির বিষয়টি জনগণের সামনে তুলে ধরবে। জনপথের সাগর রত্ন রেস্তোরাঁর বাইরে পুলিশ বাস প্রস্তুত রেখেছিল। খাবারের পর সংসদ সদস্যরা বাসে উঠে যন্তর মন্তরের দিকে রওনা হন। তবে যন্তর মন্তরগামী সব পথ ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। যে কারণে পথেই তাদের বাস থামিয়ে দেওয়া হয়।
দিল্লি পুলিশ বলেছে, যন্তর মন্তরে বিক্ষোভ করতে হলে আগে থেকে অনুমতি নিতে হয়। কর্মসূচির অন্তত ১০ দিন আগে নয়াদিল্লি জেলার ডেপুটি পুলিশ কমিশনারের কাছে আবেদন জমা দিতে হয়। রাহুল গান্ধী বলেছেন, বিরোধী সংসদ সদস্যরা যন্তর মন্তরেই বিক্ষোভ করবেন।
দুপুরের খাবারের পর রাহুল গান্ধী বলেন, গতকাল যেমন বলেছিলাম, প্রায় ৩০০ জন সংসদ সদস্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের জানানো হয়, আমরা সেখানে বিক্ষোভ করতে পারব না। তাই আজ আমাদের পরিকল্পনা হলো নির্ধারিত স্থানে যাওয়া। আমরা যন্তর মন্তরে গিয়ে সবাই একসঙ্গে বসব। দেশের মানুষকে জানাব যে জ্ঞানেশ কুমার আমাদের কাছে বৈধ নির্বাচন কমিশনার নন। মোদি, অমিত শাহ, মোহন ভাগবত ও জ্ঞানেশ কুমার মিলে দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন।
এদিকে, মঙ্গলবারের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির কারণে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এই বিষয়ে রাহুল গান্ধী বলেন, তিনি তার বিরুদ্ধে অন্তত ১০০টি মামলা দেখতে চান। তিনি বলেন, আমার বিরুদ্ধে এখন ৪৫টি মামলা আছে। আমার লক্ষ্য হলো ১০০টি করা।
সূত্র: রয়টার্স, এনডিটিভি।
aliul / aliul
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক